তিন জেলায় ঝড়ে পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবগঞ্জের কানসাটে সোমবারের ঝড়ে বিশাল আকৃতির আমগাছটিও উপড়ে যায়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
শিবগঞ্জের কানসাটে সোমবারের ঝড়ে বিশাল আকৃতির আমগাছটিও উপড়ে যায়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

রাজশাহীতে গত রোববার সন্ধ্যার ঝড়ের কবলে পড়ে এবং গাছ ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে গত সোমবার ঝড়ে একজনের মৃত্যু ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া নাটোরে ঝড়ে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে ঝড়ে ওই তিন জেলা ছাড়া নওগাঁ ও বগুড়ার দুপচাঁচিয়ায় ঘরবাড়ি বিধ্বস্ত, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলের ক্ষতিসহ বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
রাজশাহীতে নিহত তিনজন হলেন চারঘাটের বেলঘরিয়া এলাকার মুনছুর রহমান (৪০), বেলঘরিয়া শ্যামপুর গ্রামের আনসার আলীর স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও গোদাগাড়ীর কাকনহাট পৌরসভার কলাবাগান এলাকার আলম আলী (৫০)।
চারঘাটের ইউএনও আশরাফুল ইসলাম বলেন, ঝড়ের সময় আছিয়া আম কুড়াতে গিয়েছিলেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ছাড়া ঝড়ে বাড়ি ফেরার পথে রাস্তার ওপর পড়ে আহত হন মুনছুর। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম বলেন, ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লে আহত হন আলম। পরে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি ও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঝড়ে রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকার কাঁচা বাড়িঘর, গাছপালা এবং উঠতি ফসল আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ–সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জে গত সোমবার ও রোববারের ঝড়ে আমবাগানের ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মঞ্জুরুল হোদার মতে, জেলার পাঁচটি উপজেলায় গড়ে ১০ ভাগ আম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঝড়ে নুয়ে পড়েছে ৮ হাজার ১১৯ হেক্টর জমির বোরো ধান।
শিবগঞ্জে আমবাগানের পরিমাণ প্রায় ১৪ হাজার হেক্টর। কৃষি বিভাগের মতে, সোমবারের ঝড়ে প্রায় ১০ হাজার হেক্টর আমবাগানের ক্ষতি হয়েছে।
গতকাল মঙ্গলবার শিবগঞ্জের কানসাট, শ্যামপুর, বিনোদপুর, শিবগঞ্জ পৌর এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বড় বড় আমগাছ উপড়ে পড়ে আছে। সেই সঙ্গে ঝড়ে উড়ে গেছে টিনের তৈরি ঘরের চালও।
শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের কানসাট বেকির মোড় থেকে বিভিন্ন মোড়ে দেখা যায় ঝরে পড়া কুড়ানো আমের স্তূপ। এগুলো ২০ থেকে ৪০ টাকা মণ দরে কিনছেন ব্যবসায়ীরা। পাঠানো হবে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে।
কানসাটের পুকুরিয়ায় কুড়ানো আম বিক্রি করতে আসা হাজারবিঘি গ্রামের শহিদুল বলেন, ‘কুড়ানো ছয় মণ ১০ কেজি আম বিক্রি করলাম মাত্র ১৯০ টাকায়।’
আমের ক্রেতা শিবগঞ্জের ইসরাইল মোড় শহরাতলার খাইরুল ইসলাম বলেন, তিনি আম ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠান। যেদিন ঝড় হচ্ছে সেদিন বেশি আম পাঠান।
আবদুল হাকিম নামের এক বাগানমালিক বলেন, রবি ও সোমবারের ঝড়ে তাঁর প্রায় সাড়ে ১৩ বিঘার আমবাগান থেকে ৮০ ভাগ আমই পড়ে গেছে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এম এম আনিসুজ্জামান বলেন, ঝড়ে বিনোদপুর ও শ্যামপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় শতকরা ৪৫ ভাগ আম। আর পুরো উপজেলায় আমের ক্ষতি হয়েছে শতকরা ১৭ ভাগ। গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাকারিয়া বলেন, সোমবার বিকেলের ঝড়ে বড় একটি আমগাছ বাড়ির ওপর পড়ে। এতে চাপা পড়ে উপজেলার নিমতলা কাঠাল গ্রামের আসাদুল হক (৪৫) মারা যান।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গোমস্তাপুর ও ভোলাহাটে ঝড়ে ৩১৫টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাটোর সদর ও নলডাঙ্গায় গত রবি ও সোমবারের দুই দফা ঝড়ে সদরের হালসা ইউনিয়নের আবুল খায়ের কলেজটি ভেঙে পড়ে। ফলে গতকাল থেকে কলেজটি বন্ধ রয়েছে। সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ঝড়ের সময় নুরুল ইসলাম (৫০) নামের এক কৃষক ওই তারে স্পৃষ্ট হয়ে মারা যান। এ ছাড়া ঝড়ে এই দুই উপজেলায় বিদ্যুৎ বিপর্যস্ত ও বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।
মান্দায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সহস্রাধিক গাছসহ বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় তিন দিন ধরে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইউএনও মুহাম্মদ নুরুজ্জামান বলেন, ক্ষতির পরিমাণ অনুযায়ী প্রত্যেক পরিবারকে সহায়তা করা হবে।
দুপচাঁচিয়ায় ঝড় ও বৃষ্টিতে খেতের ধানগাছ মাটিতে নুয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় গাছ উপড়ে ও টিনের ছাপরার ঘর উড়ে গেছে। এদিকে বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে কয়েকটি এলাকায় গতকাল বিকেল পর্যন্ত বিদ্যুৎ ছিল না।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, নওগাঁ ও দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি]