তিন জেলায় ডাকাতি, আহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ইটনা ও নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মধ্যবর্তী স্থানে হাওরে একটি ইঞ্জিনচালিত ট্রলারে গত বৃহস্পতিবার সকালে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন ১১ জন। একই দিন মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় বাধা দিতে গিয়ে হামলায় আহত হয়েছেন তিনজন। টেকনাফে একই দিনে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় হামলায় আহত হন ১৩ জন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কিশোরগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার সামারচর থেকে বৃহস্পতিবার সকালে একটি ট্রলার ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের অদূরে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার কোষালপুর এলাকায় পৌঁছালে অন্য একটি ট্রলারে ১০-১২ জন ডাকাত যাত্রীবাহী ট্রলারটিতে হানা দেয়। এ সময় ডাকাতদের ছুরিকাঘাত ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন নৌকার সারেং রফিক ও ১০ যাত্রী। ডাকাতেরা যাত্রীদের নগদ টাকা, মালামালসহ মোট ১০ লাখ টাকার জিনিসপত্র লুট করে। খালিয়াজুড়ি থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, ডাকাতদের গ্রেপ্তারের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। জুড়ী (মৌলভীবাজার): সাত-আটজনের সংঘবদ্ধ ডাকাত দল গত বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের মুদি ব্যবসায়ী শাহজাহান আলীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা পরিবারের লোকজনকে জড়ো করে হাত-মুখ বেঁধে ফেলে। এ সময় বাধা দেওয়ায় ডাকাতেরা ধারালো দা দিয়ে সাহাব, সুফিয়ান ও কমলাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে আলমিরা ভেঙে প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ সাত হাজার টাকা লুট করে তারা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ গতকাল শুক্রবার অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে পাশের ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের সুমন আহমদ (২২) ও শরীফ উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে। টেকনাফ (কক্সবাজার): বৃহস্পতিবার রাত আনুমানিক আটটায় টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের হারিয়াখালীতে ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত সড়কের ওপর ব্যারিকেড দিয়ে প্রাইভেটকার, চান্দের গাড়ি, অটোরিকশা, বেবিট্যাক্সি ও মোটরসাইকেল থামিয়ে গণডাকাতি করে। এ সময় ডাকাতদের প্রহারে ১৩ যাত্রী আহত হন। একই দিন রাত নয়টায় টেকনাফ থানার পুলিশের উপপরিদর্শক শওকত হোসেনের নেতৃতে হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করে। তাঁরা হলেন রহিম উল্লাহ, মো. সেলিম, মো ইসমাইল, শফিক আহমদ ও আব্দুল্লাহ।