ডাকাতদের হামলায় সাবেক ইউপি সচিব ও তাঁর ছেলেসহ আহত ৫
তিন জেলায় ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট
মৌলভীবাজারের রাজনগর ও জুড়ী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচ বাড়িতে গত রোববার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। বাধা দিলে ডাকাতদের হামলায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) অবসরপ্রাপ্ত সচিব ও তাঁর ছেলেসহ পাঁচজন আহত হন। একই রাতে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে গাছ ফেলে গণডাকাতি হয়েছে।এসব ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ অন্তত ৪০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: মৌলভীবাজার: রাজনগর থানার পুলিশ ও ডাকাতির শিকার পরিবার সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত প্রায় দুইটার দিকে ২০ থেকে ২৫ জন মুখোশপরা ডাকাত রাজনগরের মনসুরনগর ইউনিয়নের কদমহাটা গ্রামে যায়। প্রথমে তারা গ্রামের সৈয়দ সিদ্দিক আলীর বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। বাড়ির লোকজন সাড়া না দিলে ডাকাতেরা বারান্দার গ্রিল ও দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর অস্ত্র দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে আলমারিসহ বিভিন্ন স্থান তছনছ করে লুটপাট চালায়। ডাকাতেরা ওই বাড়ি থেকে ৩২ ভরি ওজনের স্বর্ণালংকার, ১৬ হাজার টাকা, চারটি মুঠোফোন ও একটি ভিডিও ক্যামেরা লুট করে। এরপর ডাকাতেরা একই কায়দায় পাশের সৈয়দ আলী আক্তারের বাড়িতে ডাকাতি করে। ওই বাড়ি থেকে চার ভরি ওজনের স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে ডাকাতেরা। এ সময় ডাকাতেরা বাড়ির লোকজনকে মারধর করে। বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, গতকাল সোমবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। জুড়ী (মৌলভীবাজার): থানায় পাঠানো লিখিত অভিযোগ ও ডাকাতদের হামলায় আহত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ডাকাত জুড়ীর দক্ষিণ সাগরনাল গ্রামের সাবেক ইউপি সচিব আবদুর রবের (৬১) বাড়িতে হানা দেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ধারালো দা দিয়ে রবকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁকে বাঁচাতে ছেলে স্থানীয় ফুলতলা ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের পরিচালক মিফতাহ্ উদ্দিন (২৫) ছুটে এলে ডাকাতেরা লোহার রড দিয়ে তাঁকে পেটায়। পরে বাবা-ছেলেকে দড়ি দিয়ে বেঁধে পরিবারের নারী সদস্যদের প্রাণনাশের ভয় দেখিয়ে ডাকাতেরা আলমারি ভেঙে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, দুটি ল্যাপটপ, ৩০ হাজার টাকা, ছয়টি মুঠোফোনের সেট, কাপড়চোপড়সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে রাত চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। গতকাল সোমবার বিকেলে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মিফতাহ। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’হবিগঞ্জ: ডাকাতির শিকার যাত্রীরা বলেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে ফিরছিলেন কয়েকজন অটোরিকশার যাত্রী। শহরতলির ধুলিয়াখাল স্থানে পৌঁছালে ১৫ থেকে ২০ জন মুখোশপরা অস্ত্রধারী ডাকাত রাস্তায় গাছ ফেলে ওই অটোরিকশা ও ব্যাটারিচালিত একটি যান (টমটম) আটক করে। এ সময় ডাকাতেরা যাত্রীদের মারধর করে নয়টি মুঠোফোন, কমপক্ষে ২৫ হাজার টাকা ও অন্যান্য জিনিস লুটে নেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) কবীর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতেরা পালিয়ে যায়।তবে হবিগঞ্জ সদর থানার ওসি মো. মোজামেঞ্চল হক বলেন, ‘এটি কোনো ডাকাতি নয়। কয়েকজন কিশোর সিএনজি অটোরিকশা আটক করেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।’নারায়ণগঞ্জ: ডাকাতির শিকার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের খান বাহাদুর সাংবাদিকদের বলেন, রাত একটার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙে তাঁর বাড়িতে ঢোকে। বাড়ির লোকজনকে অস্ত্র দেখিয়ে জিমিঞ্চ করে ৩৫ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, মুঠোফোন, কাপড়সহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতেরা।একই রাত দুইটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামের মকবুল হোসেনের বাড়িতে হানা দিয়ে ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ সাত লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতদের হামলায় স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আহত হন বলে মকবুল সাংবাদিকদের জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ মামলা করেনি।