তিন জেলায় ডাকাতি বৃদ্ধসহ আহত ৭ গ্রেপ্তার ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর ও পাবনার ঈশ্বরদীতে শুক্রবার ডাকাতি করার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশালের উজিরপুর ও গৌরনদী এবং ঈশ্বরদীতে শুক্রবার দিবাগত রাতে পাঁচ বাড়িতে ডাকাতি হয়েছে। বাজিতপুর, উজিরপুর ও গৌরনদীতে ডাকাতদের হামলায় পাঁচজন আহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—কিশোরগঞ্জ: বাজিতপুর উপজেলার ঘোড়াউত্রা নদীতে একটি ইঞ্জিনচালিত সারবোঝাই নৌকায় ডাকাতির সময় আন্তজেলা ডাকাত দলের পাঁচজনকে আটক করেছেন স্থানীয় লোকজন। গত শুক্রবার এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে নৌকার মাঝি আকিক মিয়া ও তৌফিক মিয়া আহত হন। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় পাঁচ ডাকাতকে বাজিতপুর থানার পুলিশ আসনপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এরা হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আল ইসলাম, একই এলাকার ইলিয়াস মিয়া, নবীনগর উপজেলার রঙ্গু মিয়া, কুমিল্লার জসিম মিয়া ও একই এলাকার উসমান মিয়া। তাঁদেরকে গতকাল শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। বরিশাল: উজিরপুর উপজেলার শোলক গ্রামের শংকর দাস ও শ্যামল দাসের বাড়িতে শুক্রবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের বাধা দিলে তারা গৃহকর্তা শ্যামল দাসকে (৪০) কুপিয়ে আহত করে। তারা শ্যামল দাসের বাড়ি থেকে দুই লক্ষাধিক এবং শংকর দাসের বাড়ি থেকে তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। গৌরনদী (বরিশাল): উপজেলার মাহিলাড়া গ্রামের প্রবাসী মিলন সরদারের বাড়িতে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ সময় তাদের হামলায় মিলনের বাবা সেকেন্দার সরদার আহত হন। একই রাতে ওই গ্রামের আবদুল হাকিম সরদারের বাড়ি থেকে ডাকাতেরা লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতেরা আবদুল হাকিমের স্ত্রী আলেয়া বেগম, ছেলে কালাম ও শাহিনকে কুপিয়ে জখম করে। ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল বাতেনের বাড়িতে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে সাড়ে চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।