তিন জেলায় ডাকাতের গুলিতে ১৯ জন আহত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার রাতে ডাকাতদের গুলিতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতের হাতে একজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া সিলেটের বিশ্বনাথে গত মঙ্গলবার পুলিশ পরিচয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের গুলিতে তিনজন আহত হন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
লক্ষ্মীপুর ও রায়পুর: মাইক্রোবাসে করে গত মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশের তালিকাভুক্ত ডাকাত শাহ আলমের নেতৃত্বে ১০-১২ জনের একটি ডাকাতদল রামগঞ্জের লামচর ইউনিয়নের লামচর বাজারে আসে। ডাকাতেরা লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন। ঘটনার পর থেকে ওই বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।
গুলিবিদ্ধ মো. রেদোয়ান, জহির হোসেন, মো. মামুন, নুরুল ইসলাম, মামুনুর রশিদ, মো. হারুন, সফিকুল ইসলাম ও মো. শরীফকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া গুলিবিদ্ধ মো. সেলিম ভূঁইয়া, মো. ফজলুর রহমান, মো. রুবেল, জসিম উদ্দিন, মো. স্বপন হোসেন, মো. ফারুক হোসেনকে চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় নেওয়া হয়েছে।
বাজারের ব্যবসায়ী মো. হানিফ মিয়া ও রফিক উল্যা জানান, দোকানে লুটের জন্যই শাহ আলম বাজারে ডাকাতেরা হামলা করে। কিন্তু পরিস্থিতি খারাপ দেখে লুট না করেই তারা পালিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শাহ আলম তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে কয়েকটি মামলা আছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বিশ্বনাথ (সিলেট): উপজেলার হিমিদপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী ছইদ আলীর বাড়িতে মঙ্গলবার রাতে ডাকাতদল পুলিশের পরিচয় দিয়ে পরিবারের সদস্যদের ডাকাডাকি করে। পরিবারের লোকজন দরজা খুলে হাফপ্যান্ট পরা ১০-১৫ জনের একটি দল দেখে দরজা বন্ধ করে দেন। এ সময় ডাকাতদল গেটের তালা ভেঙে ভেতর ঢুকে জমির দলিলপত্র, নগদ ৪০ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট লুট করে।
ছইদ আলীর ভাই বাবুল খান বলেন, ‘পুলিশের পরিচয়ে ডাক দিলেও দরজা খুলে কোনো পুলিশ দেখতে না পেয়ে আমি মুঠোফোনে মসজিদের মুয়াজ্জিনকে আমাদের বাড়িতে ডাকাত হানা দেওয়ার কথা জানাই। মসজিদের মাইকে ডাকাত হানা দেওয়ার খবর প্রচারের সঙ্গে সঙ্গে এলাকাবাসী ও পুলিশ ডাকাতদের প্রতিরোধে এগিয়ে আসে। এ সময় ডাকাতদের গুলিতে মনসুর আহমদ ও আবদুস সহিদ ও অটোরিকশাচালক কালা মিয়া আহত হন।
থানার ওসি রফিকুল হোসেন জানান, পুলিশ ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে ডাকাতদল পালিয়ে যায়।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের কিবরিয়া সরকারের বাড়িতে মঙ্গলবার রাতে ২০-২৫ জনের একটি ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢোকে। ডাকাতেরা ২ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় কিবরিয়া চিৎকার করতে থাকলে ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। ডাকাতির খবর পেয়ে টহল পুলিশ ধাওয়া করলে ডাকাতেরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে পুলিশ সাদ্দাম হোসেন নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে। সাদ্দাম উপজেলার শিমরাইল গ্রামের বাসিন্দা।
থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।