তিন জেলায় ডায়রিয়ায় আক্রান্ত ৫৫০ বান্দরবানে পাঁচজনের মৃত্যু
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, নীলফামারী ও ফেনীর সোনাগাজীতে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। গত কয়েক দিনে নাইক্ষ্যংছড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ পাঁচজন মারা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:রামু (কক্সবাজার): বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দোছড়ি ইউনিয়নের রেঞ্জধুইপাড়া, ফরকানপাড়া, ধর্মছড়া, কুরিখ্যাত্, পাইনছড়ি ও নরওয়াপাড়ায় ডায়রিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। গত ৩ থেকে ৬ এপ্রিল এই ইউনিয়নে শিশুসহ পাঁচজন মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও ৮০ জন। এদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। যাঁরা মারা গেছেন তাঁরা হলেন—ফরকানপাড়ার ম্যানথয় ম্রোর স্ত্রী চংওয়াই ম্রো (২৯), লংথংয়ের স্ত্রী একওক ম্রো (২০), লিংওয়াই ম্রোর স্ত্রী চংক্রাক ম্রো (৩৫), ধনজয় ম্রোর ছেলে পারুই ম্রো (৭) ও রেংধুইপাড়ার অজ্ঞাতনামা এক শিশু। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ উদ্দিন ওসমান জানান, সম্প্রতি বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢলে বাঁকখালী ও দোছড়ি খালের পানি দূষিত হয়ে যায়। দূষিত পানি পান করায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে তিনটি চিকিৎসক দল মাঠে কাজ করছে। নীলফামারী: সদর হাসপাতালে সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩০০ জন রোগী ভর্তি হয়েছে। গত মঙ্গলবার দুপুরে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায়, ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৯ জন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা খোরশেদ আলম বলেন, অতিরিক্ত গরম ও অনিয়মিত খাবার খাওয়ায় ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। সোনাগাজী (ফেনী): উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। গত তিন দিনে এসব রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশতাধিক শিশুসহ শতাধিক লোক ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোকারম হোসেন বলেন, প্রচণ্ড গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।