তিন জেলায় তিন খুন
নেত্রকোনার কেন্দুয়ায় গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আগের দিন গত বুধবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নুরুল হককে (৫৫) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ছাড়া গত বুধবার নোয়াখালীর সেনবাগে মোহাম্মদ আলী (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কেন্দুয়া (নেত্রকোনা): পুলিশ জানায়, উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভুগিয়া গ্রামে জমির সীমানা নিয়ে আবদুল লতিফ ও তাঁর ভাইদের সঙ্গে প্রতিবেশী নুরুল ইসলামের পরিবারের সদস্যের বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দুই পক্ষের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে আবদুল লতিফের লোকজন লাঠি দিয়ে নুরুল ইসলামের মাথায় আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নুরুল হক উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। ছোটধুশিয়া গ্রামের তবদল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে সন্ত্রাসীরা দা ও কিরিজ দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপায়। তিনি লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁর পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ওই রাতেই হত্যাকাণ্ডে ব্যবহূত দা ও কিরিজসহ খুনের সঙ্গে জড়িত অভিযোগে সেলিম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গতকাল ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল নিহতের ছেলে শরীফুল ইসলাম ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করেছেন।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।নোয়াখালী: গত বুধবার সকালে সেনবাগের কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামে রূপসা ব্রিকফিল্ড নামের একটি ইটভাটার পাশ থেকে মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইটভাটার শ্রমিক ছিলেন। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ মো. মাহফুজ ও মোহাম্মদ হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করেছে।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম জানান, মোহাম্মাদ হোসেন খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বলেছে, মঙ্গলবার রাতে ইটভাটায় জুয়া খেলার টাকা নিয়ে মোহাম্মদ আলীর সঙ্গে তাঁর সহকর্মীদের ঝগড়া হয়। একপর্যায়ে তাঁরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন এবং হাত ও পায়ের রগ কেটে দেন। এতে তাঁর মৃত্যু হলে লাশ ইটভাটার পাশ্ববর্তী খোলা মাঠে ফেলে চলে যান।