তিন জেলায় তিন বখাটের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন গৃহবধূ ও দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার দায়ে গতকাল রোববার ফরিদপুর, শরীয়তপুর ও নারায়ণগঞ্জে তিন বখাটে যুবককে পৃথক মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মুচলেকা নিয়ে আরেক বখাটেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: সদর উপজেলার তাম্বুলখানা গ্রামের এক গৃহবধূ গতকাল সকালে শহরে যান। এ সময় মুসলিম মিশনের জেলা কার্যালয়ের সামনে তাঁকে উত্ত্যক্ত করে মো. মনিরুজ্জামান নামের এক বখাটে। ওই গৃহবধূ বিষয়টি তৎক্ষণাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম দ্রুত ঘটনাস্থলে গিয়ে র‌্যাবের সহায়তায় মনিরুজ্জামানকে আটক করেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। শরীয়তপুর: নড়িয়া উপজেলার সুরেশ্বর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল বখাটে রাজীব হাওলাদার। এ নিয়ে এলাকায় একাধিক সালিস হয়েছে। গতকাল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা চালায় রাজীব। এ সময় ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশ আটক করে রাজীবকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাজীবকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল সাদ্দাম হোসেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার বাড়ি থেকে সাদ্দামকে আটক করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাদ্দামকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। সাদ্দাম আদালতের কাছে দোষ স্বীকার করেছে। কালিয়াকৈর (গাজীপুর): কালিয়াকৈরের রতনপুর এলাকার এক ছাত্রীকে গত শনিবার বিকেলে বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করে বখাটে রাসেল মিয়া। বিষয়টি জেনে বিদ্যালয়ের শিক্ষকেরা ওই দিনই রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন তার স্বজনেরা।