তিন জেলায় তিন লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গত সোমবার এক তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। একই দিন ফরিদপুরে শিশু এবং বাগেরহাটের ফকিরহাটে দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুষ্টিয়া: একদল দুর্বৃত্ত কুষ্টিয়ার মিরপুর পৌরসভার কুরিপোল এলাকার সাবিনা ইয়াসমিনকে (১৮) গত সোমবার রাতে শ্বাসরোধে হত্যা করেছে। তিনি কুরিপোল এলাকার আমিন বিশ্বাসের মেয়ে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চিথলিয়া মাঠের একটি বেগুনখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ফরিদপুর: সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারাপুর গ্রামের জামালউদ্দীনের ভাগনি মুক্তার (৯) রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ গত সোমবার জামালউদ্দিনের ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। বাগেরহাট: ফকিরহাট উপজেলার বৈলতলী গ্রামের একটি পুকুর থেকে পুলিশ সোমবার সন্ধ্যায় আতিয়ার শেখ (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে। আতিয়ার শেখ ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।