তিন জেলায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জে গত শনিবার এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। জামালপুর সদর উপজেলা ও টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল রোববার এক কলেজছাত্রসহ দুজনের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে, তাঁদের খুন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রের বরাত দিয়ে ঢাকার বাইরে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:

নেত্রকোনা: মোহনগঞ্জের জীবনপুর গ্রামের আবদুল মোতালিবের মেয়ে রুবা খানমের (১৯) সঙ্গে একই গ্রামের মাফিজ উদ্দিনের ছেলে রুবেল মিয়ার (২৩) প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রুবেলের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে রুবার মা-বাবা তা প্রত্যাখ্যান করেন। এতে রুবেল ক্ষিপ্ত হন। গত শনিবার রাতে রুবেল বিয়ে করার কথা বলে রুবাকে বাড়ি থেকে বের করে নেন। রাতে আর রুবা বাসায় ফেরেননি। গতকাল সকালে বাড়ির কাছের জঙ্গলে রুবার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশে লাশ উদ্ধার করে। থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল হক জানান, এ ঘটনায় মোতালিব থানায় রুবেলের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

জামালপুর: সদর উপজেলার শরিফপুর বগালী গ্রামের কলেজছাত্র আবু সুয়েব ওরফে শাকিলকে (২৪) গত শুক্রবার থেকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় শনিবার তাঁর বাবা পল্লিচিকিৎসক আবদুল মতিন থানায় জিডি করেন। গতকাল সকালে এক শিশু সদর উপজেলার নরুন্দি এলাকায় বালুর নিচ থেকে একটি হাত বের হওয়া দেখতে পায়। তার চিৎকারে লোকজন এগিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে বালুর নিচ থেকে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন লাশটি শাকিলের বলে শনাক্ত করেন। শাকিল জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

আবদুল মতিন জানান, দশম শ্রেণীতে পড়ুয়া তাঁর মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে একই গ্রামের বখাটে রকি দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। শাকিল এর প্রতিবাদ করলে রকি তাঁকে (শাকিল) প্রাণনাশের হুমকি দেয়। কাজেই রকি ও তার সহযোগীরা শাকিলকে হত্যা করেছে।

তবে অভিযুক্ত রকি বলে, ‘এক বছর আগে ওই মেয়েকে আমি প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে। এরপর তাকে আর বিরক্ত করিনি। এ হত্যাকাণ্ডে আমি জড়িত নই।’ জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাপুর (টাঙ্গাইল): কুর্নী গ্রামের মোকছেদ আলীর ছেলে শফিকুল ইসলাম সোনালী ব্যাংক মির্জাপুরের পাকুল্যা শাখার কর্মচারী। শনিবার সন্ধ্যার পর কয়েকজন সঙ্গীকে নিয়ে তিনি পাশের বানিয়ারা গ্রামে কথিত পীরের বাড়িতে যান। রাতে সেখান থেকে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন সকালে শফিকুলের কর্মস্থলসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেন। কিন্তু কোথায়ও তাঁকে পাওয়া যায়নি। বেলা সাড়ে ১১টার দিকে কুর্নী পল্লী বিদ্যুতের সাব-স্টেশনসংলগ্ন পুকুরের কিনারে তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জিন্নাহর মেয়ে বীনা বেগম, বীনার দুই ভাই মাসুদ রানা ও মাসুম মিয়া এবং মাসুদের স্ত্রী মর্জিনা ও মাসুমের স্ত্রী মুক্তাকে আটক করা হয়েছে।

থানার এসআই শ্যামল কুমার দত্ত জানান, শফিকুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।