তিন জেলায় তিনজন খুন
নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের নান্দাইলে গতকাল রোববার এক নারীসহ দুইজন খুন হয়েছেন। তাঁরা হলেন পূর্বধলার লিবাসী (৬০) ও নান্দাইলের শাহাব উদ্দিন (৪৭)। এ ছাড়া হবিগঞ্জের বানিয়াচংয়ে গত শনিবার রাতে এক ব্যক্তি খুন হয়েছেন। তাঁর নাম কুতুব উদ্দিন (৩৫)। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: পূর্বধলা (নেত্রকোনা): পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, লিবাসী উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের নিজামপুর গ্রামের মৃত জহুর আলীর মেয়ে। তাঁর বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী কাজলা গ্রামের শাহাবউদ্দিনের সঙ্গে। দাম্পত্য কলহের কারণে ১৫ বছর আগে লিবাসীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর লিবাসী বাবার বাড়িতে চলে আসেন। বাবার দেওয়া পাঁচ শতক জমিতে ঘর নির্মাণ করে তিনি বসবাস করছিলেন। এক সপ্তাহ আগে লিবাসী বাড়ির আঙিনায় লাউগাছের চারা রোপণ করেন। এতে তাঁর ভাই জইন উদ্দিন (৭০) ও ভাতিজা লাল মিয়া বাধা দেন। একপর্যায়ে তাঁরা লিবাসীকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং হত্যার হুমকি দেন। গতকাল সকালে ঘরের মেঝেতে তাঁর লাশ পাওয়া যায়।এ ব্যাপারে নিহতের মেয়ের জামাতা বাদী হয়ে গতকাল লাল মিয়া ও লাল মিয়ার স্ত্রী জাহানারাসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আহমেদ জানান, ওই নারীকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগে লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।নান্দাইল (ময়মনসিংহ): নিহত শাহাব উদ্দিনের উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের বাসিন্দা। নিহত শাহাব উদ্দিনের পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে শাহাব উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। সুরাটি বাজার নিয়েও এক পক্ষের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। বাড়ি থেকে সুরাটি বাজারে যাওয়ার পথে তাঁর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই শাহাব উদ্দিন মারা যান বলে গ্রামের লোকজন জানায়।বানিয়াচং (হবিগঞ্জ): নিহত কুতুব উদ্দিনের বাড়ি উপজেলার মক্রমপুর ইউনিয়নের দক্ষিণ হাটিতে। এ ঘটনায় বানিয়াচং থানার পুলিশ স্থানীয় সাবু মিয়ার ছেলে হাফিজুরকে গতকাল সকালে আটক করেছে।নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের বিবরণ অনুযায়ী, একই গ্রামের সাবু মিয়া ও কালাই উল্লার সঙ্গে বসতভিটা নিয়ে কুতুব উদ্দিনের বিরোধ চলছিল। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসার ব্যাপারে আলাপ আছে বলে কুতুব উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান হাফিজুর। ঘণ্টা দুয়েক পরও কুতুব উদ্দিন বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। রাত পৌনে একটার দিকে বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় কুতুব উদ্দিনের লাশ পাওয়া যায়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।