তিন জেলায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এনামুল হক (৪০) নামের এক ইটভাটার মালিক খুন হয়েছেন। পাবনার আটঘরিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আবদুল হাই (৪৫) নিহত হয়েছেন। এদিকে বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩২) লাশ পাওয়া গেছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর: রংপুর: বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের দানেশনগরের ইটভাটা থেকে বেরিয়ে এনামুল হক (৪০) মোটরসাইকেলে করে ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভিমশহর গ্রামে তাঁর নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ভাটা থেকে আধা কিলোমিটার দূরে দুর্বৃত্তদের হাতে তিনি খুন হন। খবর পেয়ে পুলিশ দানেশনগর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম বলেন, এনামুল হকের পিঠ, বুক ও পেটের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা খুন করে মোটরসাইকেলটি ছিনতাই করেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।পাবনা: আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চান্দ্রাই গ্রামের মোহাম্মদ আলী মুন্সির সঙ্গে প্রতিবেশী শরিফ মোল্লার বাড়ির এক খণ্ড জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ আলী মুন্সি বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাট শুরু করেন। শরিফ মোল্লা তাতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। গুরুতর অবস্থায় সবাইকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ মোল্লার সমর্থক আবদুল হাই (৪৫) মারা যান।আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সকালে নিহত আবদুল হাইয়ের ছোট ভাই আবদুর রশিদ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ইতিমধ্যে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।দুপচাঁচিয়া (বগুড়া): উপজেলার সদর ইউনিয়নের খোলাশ গ্রামের নামাপাতার এলাকার বোরো খেতের আইলের ওপর থেকে গতকাল শুক্রবার দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।থানার ওসি নূর ইসলাম বলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খবর দিলে ওই লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। লাশের পরনে ছিল চেক রঙের শার্ট এবং নীল রঙের লুঙ্গি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশা করার কারণে তাঁর মৃত্যু হয়েছে। লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি।