তিন জেলায় তিনজন খুন
সিলেটের বিয়ানীবাজারে ব্যবসায়ী জামাল উদ্দিন (৫০), মৌলভীবাজারের বড়লেখায় মিছবাহ উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সাইদুল ইসলাম খান (২৬) নামের এক তরুণ খুন হয়েছেন।প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:মৌলভীবাজার: জেলার বড়লেখা উপজেলার আয়েশাবাগ চা-বাগান ও পাশের হীরেরগুল বস্তিবাসীর মধ্যে অনেক দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বস্তির কিছু লোক বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে ৪০-৫০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হন। তাঁদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মিছবাহ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। তিনি হীরেরগুল বস্তির হাসমত আলীর ছেলে। মিছবাহ উদ্দিনের মা রানু বেগমসহ (৫০) আহত ব্যক্তিদের পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বিয়ানীবাজার (সিলেট): ছাগলের ঘাস খাওয়া নিয়ে গতকাল সকালে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামের আজির উদ্দিন (৪৪) ও সিরাজ উদ্দিনের (৬০) মধ্যে বাগিবতণ্ডা হয়। এ সময় আজির উদ্দিনের হামলায় সিরাজ উদ্দিন আহত হন। বেলা একটার দিকে বারইগ্রাম বাজারে দুজন আবার তর্ক ও মারামারি শুরু করেন। এ সময় তাঁদের মারামারি থামাতে গিয়ে জামাল উদ্দিন নাকে গুরুতর আঘাত পান। তাঁকে সঙ্গে সঙ্গে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। তিনি বারইগ্রামের বাসিন্দা ছিলেন এবং মাছের ব্যবসা করতেন।বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক গতকাল সন্ধ্যায় জানান, এ ঘটনায় আজির উদ্দিন ও সিরাজ উদ্দিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ফুলপুর (ময়মনসিংহ): উপজেলার কাকনী গ্রামের সাইদুল ইসলাম খান সাত বছর প্রবাসজীবন কাটানোর পর দেড় বছর আগে বাড়ি ফেরেন। পুকুরপাড়ে একটি কলাগাছ লাগানো নিয়ে মঙ্গলবার রাতে সাইদুল ইসলামের সঙ্গে তাঁর তিন সহোদরের সংঘর্ষ হয়। সংঘর্ষে সাইদুলের বড় ভাই আলম খান আহত হন। এতে ক্ষিপ্ত হয়ে আলম খান ও তাঁর অপর দুই ভাই সাইদুলকে মারধর করেন। ভোরে আলম খান ও তাঁর পরিবারের সদস্যরা প্রচার করেন, ফাঁসিতে ঝুলে সাইদুল আত্মহত্যা করেছেন। তারাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) আছাবুর রহমান জানান, বসতঘরের সামনে চৌকিতে শোয়ানো অবস্থায় লাশ পাওয়া গেছে। ফাঁসের দাগ বা অন্য কোনো আলামত পাওয়া যায়নি। নিহত ব্যক্তির গলায় ও দুই কাঁধে ক্ষত রয়েছে। এ ছাড়া মাথার পেছনে ক্ষত থেকে রক্ত ঝরছিল। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।