তিন জেলায় তিনজন খুন
পারিবারিক কোন্দলের জের ধরে শেরপুরের নকলায় ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। সিলেটের বালাগঞ্জে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে এক দিনমজুরকে। কুলাউড়ায় এক ব্র্যাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত দুই দিনে এসব ঘটনা ঘটেছে। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: শেরপুর: নকলা উপজেলার কুর্শা বাদাগৈড় দড়িপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলামের (৪৫) সঙ্গে বুধবার সকালে তাঁর বড় ভাই আবদুর রশীদের স্ত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল তাঁর ভাবির গায়ে হাত তোলেন। খবর পেয়ে সন্ধ্যায় ঢাকা থেকে বাড়ি চলে আসেন নজরুলের ভাতিজা ছাইফুল ইসলাম ওরফে ইয়াছিন (২৫)। রাত আটটার দিকে বাড়ির অদূরে সকালের ঘটনা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাইফুল তাঁর হাতে থাকা ছুরি দিয়ে চাচার গলায় একাধিক আঘাত করেন। এতে গুরুতর আহত হন নজরুল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফছিহুর রহমান জানান, এ ঘটনায় নজরুলের স্ত্রী শিউলী বাদী হয়ে ছাইফুলসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ ছাইফুলকে গ্রেপ্তার করেছে। তিনি ঢাকায় পরিকল্পনা কমিশনে এমএলএসএস পদে কর্মরত। বালাগঞ্জ (সিলেট): নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বালাগঞ্জের দয়ামীর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আবদুল খালিককে (৪১) বুধবার রাত সাড়ে ১০টার দিকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ জানান, লাশের মুখমণ্ডল ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।মৌলভীবাজার ও জুড়ী: জেলার কুলাউড়া উপজেলার ক্লিভডন চা-বাগান এলাকা থেকে গতকাল সকালে গৌরাঙ্গ কুর্মী নামে (৩৫) এক ব্র্যাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ব্র্যাক জুড়ী শাখার মাঠকর্মী ছিলেন। তাঁর বাড়ি রাজনগর উপজেলার ইটা চা-বাগানে। কুলাউড়া থানার ওসি সেলিম নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।