তিন জেলায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া, পাবনা ও জয়পুরহাটে তিনজন খুন হয়েছেন। তাঁদের মধ্যে বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আবদুল ওয়াহেদ নামের এক ব্যক্তি গত শুক্রবার গুরুতর আহত হন। গতকাল শনিবার ভোরে তিনি মারা গেছেন। পাবনার ঈশ্বরদী উপজেলায় দুর্বৃত্তরা শুক্রবার রাতে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে বিশাল হোসেন নামের এক তরুণকে খুন করে। গতকাল জয়পুরহাটে প্রতিবেশীর কোদালের আঘাতে সোলায়মান আলী নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার বানদীঘি গ্রামের পরিবহনশ্রমিক হিরু মিয়া ও কাঠ ব্যবসায়ী মিলন মিয়ার নেতৃত্বে দুই পক্ষের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল। এই প্রেক্ষাপটে গতকাল দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার বিকেলে মিলনের পক্ষের লোকজন হিরুর পক্ষের লোকজনের ওপর হামলা করে। এতে হিরুর মামা আবদুল ওয়াহেদসহ (৬০) পাঁচজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল ভোরে ওয়াহেদ মারা যান।
এ খবর বাড়িতে ছড়িয়ে পড়লে হিরুর পক্ষের লোকজন মিলনের কাঠের দোকান ও বাড়িঘরে অগ্নিসংযোগ করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বলেন, হত্যা মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
ঈশ্বরদী (পাবনা): গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুরের বেলতলা থেকে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে বিশাল হোসেনকে (২৫) নিউ কলোনির মোড়ে তুলে নিয়ে আসেন। সেখানে আগে থেকেই প্রায় ১০-১২ জন যুবক অপেক্ষা করছিলেন। তাঁরা বিশালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে রাখেন। খবর পেয়ে রাত পৌনে নয়টার দিকে পুলিশের সহযোগিতায় বিশালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারঘাট এলাকায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার আধিপত্য ও বিরোধের জেরে ফতেমোহাম্মদপুরে গত বছরের ৩১ মে মুরাদ হোসেন নামের যুবদলের এক কর্মী ছুরিকাঘাতে আহত হন। পরে ১০ জুন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় করা হত্যা মামলার ৯ নম্বর আসামি ছিলেন বিশাল।
বিশালের বাবা মোহাম্মদ আবু বকর অভিযোগ করেন, ফতেমোহাম্মদপুর এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী পূর্বশত্রুতার জেরে তাঁর ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, মুরাদ হত্যার ঘটনার জেরে এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য বিশালের লাশ গতকাল পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জয়পুরহাট: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কালাই উপজেলার গোপীনাথপুর গ্রামের বাড়ির পাশের নর্দমার মাটি পরিষ্কার করা নিয়ে সোলায়মান আলীর সঙ্গে প্রতিবেশী মাহফুজার রহমানের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহফুজারের ভাই রফিকুল ইসলাম কোদাল দিয়ে সোলায়মানের (৭০) মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর সোলায়মানের স্বজনেরা মাহফুজারের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে জয়পুরহাটের দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে মাহফুজারের চারটি আধা পাকা ঘর পুড়ে যায়।
বিকেল চারটার দিকে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।