তিন জেলায় তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী, ময়মনসিংহের নান্দাইল ও চাঁদপুরের হাজীগঞ্জ থেকে গতকাল বুধবার এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নিকলী: কিশোরগঞ্জের নিকলী বাজারের একটি মুদি দোকান থেকে গতকাল রিয়াজ উদ্দিন (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াজ কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামের আবদুল গণি মিয়ার ছেলে। সে একটি চায়ের দোকানে কাজ করত এবং রাতে তার মামা আলামিন মিয়ার মুদি দোকানে ঘুমাত। গতকাল সকালে দোকান বন্ধ দেখে ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে বেলা ১১টার দিকে পুলিশ দোকান খুলে ভেতরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় রিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নান্দাইল: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আমোদপুর গ্রামের একটি বিল থেকে গতকাল শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ভাই নাসির উদ্দিন (৫০) বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কিছু লোক এসে শফিকুলকে ডেকে নিয়ে যান।
হাজীগঞ্জ: চাঁদপুরের হাজীগঞ্জ থানা-পুলিশ গতকাল দুপুরে কালচোঁ দক্ষিণ ইউনিয়নে সাতবাড়িয়া কুচিরবিল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। হাজীগঞ্জ থানার ওসি শাহ্ আলম বলেন, লাশের বেশির ভাগ অংশ গলে যাওয়ায় বয়স নির্ধারণ করা যায়নি। আনুমানিক ১৫ থেকে ২০ দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে।