তিন জেলায় তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলায় খোয়াই নদ থেকে গতকাল শুক্রবার এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন চাঁদপুর সদর ও ময়মনসিংহের গফরগাঁওয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জ: সদর উপজেলার পূর্ব মাহমুদপুর গ্রামের হিরা মিয়ার ছেলে প্রতিবন্ধী খলিলকে (২০) গতকাল সকাল নয়টার পর থেকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেন না। নদে পড়ে যেতে পারেন—এই সন্দেহে তাঁর পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খোয়াই নদের মাছুলিয়া এলাকা থেকে বেলা দুইটা ২০ মিনিটে তাঁর লাশ উদ্ধার করে।
চাঁদপুর: সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মহামায়া বাজার এলাকা থেকে গতকাল সকাল ১০টার দিকে হানিফ গাজী (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি শহরতলির বাবুরহাট এলাকার হোসেনপুর গ্রামের মৃত হালিম গাজীর ছেলে। তিনি কাঠমিস্ত্রি ছিলেন।
ময়মনসিংহ: গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের কাজলার বন এলাকার একটি কালভার্টের নিচে গতকাল দুপুরে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৪) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পাগলা থানায় খবর দেন।
এরপর পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এলাকাবাসী জানান, লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।