তিন জেলায় ত্রাণ পেল ক্ষতিগ্রস্ত ৪৫০ পরিবার
জামালপুরের সরিষাবাড়ী, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ ও এক লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়।
বেলা ১১টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের চণ্ডীপ্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুরে জান্নাত বলেন, ত্রাণ বিতরণ করে মহানুভবতার পরিচয় দিয়েছে প্রথম আলো ট্রাস্ট। এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, কাসিম আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাদুজ্জামান, ফরিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়ূব আলী, সৈয়দ রিয়াছত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল বাছিত প্রমুখ।
বেলা সোয়া দুইটায় বালাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, শিক্ষক অবিনাশ আচার্য, শিক্ষানুরাগী মাহমুদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ প্রক্রিয়া সমন্বয় করেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সদস্যরা।
সরিষাবাড়ীতে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টায় আদ্রা, নান্দিনা ও রৌহা গ্রামের ৮০ জনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। দুপুর ১২টায় কামরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে শুয়াকৈর, হেলেঞ্চাবাড়ি, নিউগিরটেংগর গ্রামের ৮০ জনকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। বেলা দুইটায় কুবলিবাড়ি ও শিমলাপল্লী গ্রামের ৪০ জনকে ত্রাণ দেওয়া হয়।
ত্রাণ সহায়তা হিসেবে প্রতি পরিবারকে চার কেজি চাল, আধা কেজি ডাল, এক কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল ও আধা কেজি করে খাবার লবণ দেওয়া হয়েছে।
এ ছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের সতিঝির গ্রামে বিকেলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল, দুই কেজি করে আলু, আধা কেজি করে ডাল ও আধা লিটার করে সয়াবিন তেল বিতরণ করা হয় প্রথম আলো ট্রাস্টের সহায়তায়।