তিন জেলায় ত্রাণ পেল ৩৫০ পরিবার

মৌলভীবাজারের কমলগঞ্জ, ফরিদপুরের সদরপুর ও সিরাজগঞ্জ সদর উপেজলায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নে ও সদরপুরের ঢেউখালী ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় গতকাল সোমবার। আর সিরাজগঞ্জের সদর উপজেলার মেছরা ইউনিয়নে গত রোববার বিতরণ করা হয় ত্রাণ।
কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নে ধোপাটিলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল, ২ কেজি করে আলু, আধা কেজি করে মসুরের ডাল ও আধা লিটার করে ফ্রেশ সয়াবিন তেল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মুক্তিযোদ্ধা বিরাজ সেন, সমাজসেবক ও ওয়ার্কার্স পার্টি সাবেক জেলা সম্পাদক আবদুল হান্নান, এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নুরুল মোহাইমিন, প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধিসহ স্থানীয় সংবাদকর্মীরা।
ত্রাণ পাওয়ার পর শিবানী রায় ও বৃদ্ধ নুরু মিয়া বলেন, এর আগে এভাবে কখনো সঠিকভাবে ত্রাণ পাননি তাঁরা। তা ছাড়া ত্রাণ হিসেবে এত ভালো মানের চালও পাওয়া যায়নি।
আগামীকাল বুধবার কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের সতিঝির গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রথম আলোর ত্রাণ বিতরণ করা হবে।
ফরিদপুরের সদরপুর উপজেলায় ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া মাদ্রাসা ঘাটে গতকাল বেলা ১১টার দিকে বন্যা ও নদীভাঙনের শিকার ১০০ পরিবারকে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার মাধ্যমে পাঁচ কেজি করে চাল, এক কেজি করে মসুরের ডাল, এক কেজি করে লবণ ও এক লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়।
ত্রাণ হাতে পেয়ে ছোটকোল পাড় গ্রামের গৃহবধূ ময়না বেগম (৪৮) বলেন, ‘আমরা দিনের পর দিন না খাইয়া আছি। সরকার বা চেয়ারম্যান-মেম্বাররা কেউ আমাদের দিকে ফিরাও তাকায় নাই।’
সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় সিরাজগঞ্জ বন্ধুসভার উদ্যোগে মেছরা ইউনিয়নের আকনাদীঘি গ্রামে রোববার দেড় শ পরিবারকে ত্রাণ হিসেবে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, পেঁয়াজ, ডেটল সাবান, খাওয়ার স্যালাইন, লাইট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। এ সময় সিরাজগঞ্জ নজরুল একাডেমির সভাপতি মো. হেলাল আহমেদ, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জের আহ্বায়ক প্রদীপ সাহা, প্রথম আলোর প্রতিনিধি এনামুল হক, সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ পেয়ে গটিয়ার চরের ফুলেরা বেওয়া বলেন, ‘পাঁচটা এতিম পোলা-মাইয়া নিয়া থাকি। আপনারা আমাগো অনেক উপকার করলেন।’