তিন জেলায় দুই কৃষক ও এক গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দীঘলিয়া উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে এবং নড়াইলের লোহাগড়ায় এক কৃষককে পিটিয়ে ও ঝিনাইদহে অপর এক কৃষককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি আমবাগান থেকে পুলিশ অপর এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;
খুলনা: দীঘলিয়া উপজেলার হাজিগ্রামের তৈয়বের রহমান তাঁর স্ত্রী নাসিমা বেগম (৩৫) ও সন্তানদের নিয়ে ঘুমিয়েছিলেন। ভোর রাতের দিকে কয়েকজন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে নাসিমাকে গলা কেটে হত্যা ও তৈয়বেরকে হত্যার চেষ্টা চালায়। দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসাইন বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করার পর বলা যাবে হত্যার সঙ্গে কে বা কারা জড়িত।’
লোহাগড়া (নড়াইল): গম মাড়াই নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার দুপুরে লোহাগড়ার নখখালী গ্রামের কৃষক রাজ্জাক মোল্লার (৫০) স্ত্রীর সঙ্গে কয়েকজন প্রতিবেশীর ঝগড়া হয়। একপর্যায়ে ওই প্রতিবেশীরা রাজ্জাককে বেদম পিটুনি দেয়। স্থানীয় লোকজন তাঁকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পথে গত রোববার ভোরে তিনি মারা যান।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) নয়ন পাটোয়ারী জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঝিনাইদহ: গত রোববার রাতে সদর উপজেলার বদনপুর গ্রামের কৃষক চান্নু মণ্ডল (৪২) নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। গতকাল সকালে এলাকার লোকজন হামদহডাঙ্গা গ্রামের একটি গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
সদর থানার এসআই গোকুলচন্দ্র অধিকারী জানান, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর দুই হাত বাঁধা ছিল। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
চুয়াডাঙ্গা: গতকাল বেলা ১১টায় পুলিশ দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের একটি আমবাগান থেকে মাজেদা খাতুন (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। মাজেদা খাতুনের মেয়ে সোনালী আক্তার জানায়, তার বাবা খালিদ হোসেনের সঙ্গে তার মায়ের গত রোববার সন্ধ্যায় ঝগড়া হয়। রাত আটটার দিকে প্রতিবেশীরা খবর দেন, বাড়ির পাশের আমবাগানের একটি গাছে তার মায়ের লাশ ঝুলছে। খবর পেয়ে আত্মীয়স্বজনেরা গাছ থেকে লাশ নামিয়ে বাড়িতে নিয়ে যান।
দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।