তিন জেলায় দুই শিশুসহ নিহত ৭
গোপালগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জে গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী সাকুরা পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস গতকাল ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোগরা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এর আগে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশু অন্টি (৮) ও রেহানা (৩০) নিহত হন। আহত হয় বাসের অপর ৩০ জন যাত্রী। আহত ৩০ জনের মধ্যে ১৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক এবং অন্যদের বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুপুরে চিকিৎসাধীন আবস্থায় রাসেল হক (২৫) মারা যান। রাসেল হক অন্টির চাচা। অন্টি বাগেরহাটের শরণখোলা উপজেলার বুলবুলিয়া গ্রামের সাইদুল হকের মেয়ে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী-পাবনা সড়কের ঈশ্বরদীর দাশুড়িয়া মুনসিদপুর মোড়ে গতকাল দুপুরে যাত্রীবোঝাই বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ঈশ্বরদীর মাজদীয়া গ্রামের ওয়াহিদুজ্জামান ডাবলু (৪৮), অটোরিকশাচালক আরিফুল ইসলাম (৩৮) ও পাবনা সদর উপজেলার শামীম আক্তার তুহিনের মেয়ে গোধূলি (৮)। মারাত্মক আহত গোধূলির ভাই তন্ময় (১২) ও তার নানা তাহের উদ্দিন মাস্টারকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): গতকাল ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সমবায় পেট্রলপাম্পের পাশে ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নবুতুল্লাহ (৫০) নামের এক রিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। উল্লাপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, নিহত রিকশাচালকের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে। তিনি বেশ কিছুদিন ধরে সিরাজগঞ্জ রোড এলাকায় রিকশা চালাতেন।