তিন জেলায় দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নেত্রকোনার পূর্বধলা এবং রাজবাড়ীর পাংশায় গত দুই দিনে ট্রেনে কাটা পড়ে ও সড়ক দুর্ঘটনায় চারজন নিহত। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): গতকাল দুপুর দেড়টার দিকে বাঞ্ছারামপুর থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ফরদাবাদ যাচ্ছিল। পথে রূপসদী কান্দাপাড়া সংযোগ সড়ক থেকে একটি ট্রাক্টর বাঞ্ছারামপুর-ফরদাবাদ সড়কে দ্রুত ওঠার সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী রূপসদী গ্রামের রুবেল মিয়া (২৬) ঘটনাস্থলেই প্রাণ হারান। অটোরিকশার চালক আল আমিন (৩৫) ও আবদুল মতিন (৬০) গুরুতর আহত হন।পূর্বধলা (নেত্রকোনা): গতকাল সকালে মোটর সাইকেলে করে অফিসে যাওয়ার পথে পূর্বধলা বাজার রেলগেইট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আবুল কাশেম (৫০) মারা গেছেন। তিনি সোনালী ব্যাংকের নেত্রকোনা সদর উপজেলার মদনপুর শাখার সহকারি কর্মকর্তা। তার বাড়ি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের খারছাইল গ্রামে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের প্রতাবপুরে উপজেলার ভটপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী ফরিদা খাতুন (২৪) রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হয়েছেন।গোয়ালন্দ (রাজবাড়ী): মঙ্গলবার দুপুরে পাংশা পৌর শহর থেকে মালবোঝাই করে একটি নসিমন মালঞ্চ এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক সানি শেখ (২৮) নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি পাংশা শহরের মালঞ্চ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।