তিন জেলায় দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা, গাজীপুরের রাজেন্দ্রপুরে ও ফরিদপুরের ভাঙ্গায় গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

দাউদকান্দি (কুমিল্লা): চান্দিনা উপজেলার মাধাইয়াতে পিকআপ ভ্যান ও লং লরির মুখোমুখি সংঘর্ষে গতকাল রাত তিনটার দিকে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজন হলেন পিকআপ ভ্যানের চালক মাইনুদ্দীন (৩৮) ও তাঁর সহকারী রনি (১৫) এবং যাত্রী নাসিরউদ্দিন (৩৫)। মাইনুদ্দীনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার ছয়আনি টবজা গ্রামে। নাসিরউদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজপাড়ায়। রনির বাড়ি সম্পর্কে জানা যায়নি। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুর: মোটরসাইকেলে অফিস যাওয়ার পথে রাজেন্দ্রপুরের হালডোবা এলাকায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় নেসলে কারখানার দুই কর্মী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন খাইরুল আলম (৪৫) ও মো. আবুল খায়ের চৌধুরী (৪০)। তাঁরা দুজনই শ্রীপুরের রাজাবাড়ী এলাকায় অবস্থিত বাংলাদেশ নেসলে কারখানার ব্যবস্থাপনা বিভাগের কর্মী বলে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিয়াজ জানান।

ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় আজ সকালে বাসের চাপায় নির্মল পাল নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার ঘারুয়া গ্রামে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।