ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকের চাপায় গত শুক্রবার এক নববধূ নিহত হয়েছেন। একই দিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুই পুলিশসহ চারজন আহত হয়েছেন।
চাঁদপুর সদর উপজেলায় গতকাল শনিবার বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।
আশুগঞ্জে নিহত নববধূর নাম তৈয়বা আক্তার (১৮)। আহত ব্যক্তিরা হলেন নিহতের স্বামী ওয়াসিউদ্দিন (২৮) ও তৈয়বার চাচাতো বোন অনন্যা আক্তার (১৫)। তাঁদের বাড়ি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে। হবিগঞ্জে নিহত দুজন হলেন কুয়েত-প্রবাসী চুনারুঘাটের দুধপাতিল গ্রামের ওমর আলী (৪০) ও জুড়িয়া গ্রামের তৈয়ব আলী (৪২)।চাঁদপুরে নিহত শিশুর নাম আয়েশা আক্তার (৭)। সে সদর উপজেলার আলগী পাঁচগাঁও এলাকার নাসির উদ্দিনের মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আটটার দিকে ওয়াসিউদ্দিন স্ত্রী তৈয়বা ও শ্যালিকা অনন্যাকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। আশুগঞ্জের রেলগেট এলাকায় পৌঁছে মোটরসাইকেলটি থামাতে ওয়াসিউদ্দিন হঠাৎ ব্রেক কষেন। এ সময় মোটরসাইকেলের ঝাঁকুনিতে পেছন থেকে তৈয়বা ও অনন্যা সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ঢাকাগামী একটি ট্রাক তাঁদের চাপা দিলে তৈয়বা ঘটনাস্থলে মারা যান এবং অনন্যা আহত হয়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ওয়াসিউদ্দিনও আহত হন। এক মাস আগে আড়াইসিধা গ্রামের মোস্তফা ভূঁইয়ার মেয়ে তৈয়বা আক্তারের সঙ্গে ওয়াসিউদ্দিনের বিয়ে হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, এ ঘটনায় সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ একটি মামলা করেছে।
হবিগঞ্জ: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুনারুঘাট থানার এসআই হরিদাস কনস্টেবল প্রসেনজিৎকে নিয়ে শুক্রবার রাতে মোটরসাইকেলে চুনারুঘাট উপজেলার আসামপাড়া যাচ্ছিলেন। রাত পৌনে নয়টার দিকে চুনারুঘাট-আসামপাড়া সড়কের বনগাঁও নামক এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ওমর আলী প্রাণ হারান। একই ঘটনায় গুরুতর আহত অটোরিকশার অপর যাত্রী তৈয়ব আলী চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।দুর্ঘটনায় গুরুতর আহত এসআই হরিদাস ও তাজুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং কনস্টেবল প্রসন্ন ঘোষ ও অটোরিকশার যাত্রী সোহেল মিয়াকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর: গতকাল বেলা তিনটায় চাঁদপুর শহরের টেকনিক্যাল হাইস্কুলের সামনে বাসের চাপায় আয়েশা আক্তার নিহত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই বাসটি ভাঙচুর করেছে। গতকাল বিকেলে আয়েশার মা তার আরেক ভাই ও তাকে নিয়ে টেকনিক্যাল এলাকায় তার খালার বাড়িতে যাচ্ছিলেন।