তিন জেলায় নিহত ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে কলেজছাত্রসহ আটজন, নওগাঁর পোরশায় পথচারী এবং পাবনার চাটমোহরে একটি শিশু নিহত হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর: সিরাজগঞ্জ: গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জ-কড্ডা সড়কের কোনাগাতী এলাকায় কড্ডাগামী সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক আবদুর রাজ্জাক (২৫) ও যাত্রী মেহেদী হাসান (২০) প্রাণ হারান। রাজ্জাক কড্ডার মোড় এলাকার জুড়ান মণ্ডলের ছেলে এবং মেহেদী হাসান সিরাজগঞ্জ শহরের নয়ন মোড়ের ফেরদৌস হাসানের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজি সম্মান প্রথম বর্ষের ছাত্র। এদিকে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী কালিকাপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বগুড়াগামী একটি কোচের চাকায় পিষ্ট হয়ে লাঙ্গলমোড়া গ্রামের সাবান আলী (৮০) নিহত হন। একই দিন বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় ঢাকাগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের ওপর উল্টে পড়ে। এ ঘটনায় একজন পথচারীসহ পাঁচজন নিহত এবং ২৪ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন বাসযাত্রী এবং একজন পথচারী। এঁদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার রজব আলী (৩০), শিবগঞ্জের রায়নগর গ্রামের চান খলিফা (৩২) ও গাইবান্ধার মিয়াপাড়া গ্রামের সৈকত আলী (২৭)। নওগাঁ: শুক্রবার সন্ধ্যায় পোরশা উপজেলার গাঙ্গুরিয়া বাজারের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বেলাল হোসেন (২২) নামের এক তরুণ নিহত হন। তিনি উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের আবু কালামের ছেলে। চাটমোহর (পাবনা): উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে শুক্রবার বিকেলে ধানুয়াঘাটা-চরলক্ষ্মীপুর সড়কে যাত্রীবাহী নছিমন ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের যাত্রী মার্জিয়া (৫) ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ধানুয়াঘাটা লক্ষ্মীপুর গ্রামের গোলাম মোস্তফা কামালের মেয়ে।