তিন জেলায় নিহত ৩
কুমিল্লার তিতাস উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় মো. মামুন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। একই দিন সুনামগঞ্জের ছাতকে মো. দুদু মিয়া (৪২) নামের এক ব্যক্তি ও নেত্রকোনার দুর্গাপুরে আবুল কাশেম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দাউদকান্দি (কুমিল্লা): মামুন তিতাসের দড়িকান্দি গ্রামের মো. আবদুল্লাহর ছেলে ও দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। সকাল ১০টার দিকে মামুন বাড়ি থেকে অটোরিকশাযোগে গৌরীপুরে যাচ্ছিলেন। অটোরিকশাটি তিতাসের শোলাকান্দি সড়কের কাছে পৌঁছালে অন্য আরেকটি অটোরিকশার সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে মামুন গুরুতর আহত হন। মামুনকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মামুন মারা যান।
সুনামগঞ্জ: বেলা দেড়টার দিকে একটি ট্রাকভর্তি গাছ ছাতক সদর থেকে জাউয়াবাজার এলাকায় যাচ্ছিল। পথে আন্ধারিগাঁও এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উপজেলার খুরমা ইউনিয়নের বিরাই গ্রামের দুদু মিয়া নিহত ও আরও চারজন আহত হন।
কেন্দুয়া (নেত্রকোনা): দুর্গাপুরের বারোমারিলক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেম তাঁর স্ত্রী আয়শা বেগম ও মেয়ে আক্তারা খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে উপজেলার ইন্দ্রপুর এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম নিহত এবং আয়শা ও আক্তারা আহত হন।