প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে গত মঙ্গলবার রাতে ফরিদপুরে বাসের ধাক্কায় ট্রাক খাদে পড়ে ট্রাকের চালক এবং গতকাল বুধবার সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পার হতে গিয়ে দুজন প্রাণ হারান। এ নিয়ে গত ১৯০ দিনে সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮১৩।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান বাজারের কাছে পণ্যবাহী ট্রলির চাপায় গতকাল দেলো খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বারিউড়া বাসস্ট্যান্ড এলাকায় সকালে সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাক অজ্ঞাতনামা (৩০) এক যুবককে চাপা দেয়। এতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।
এর আগে গত মঙ্গলবার গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় একটি ট্রাক খাদে পড়ে ট্রাকের চালক নিহত এবং বাস ও ট্রাকের ১০ জন যাত্রী আহত হন।