তিন জেলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারীতে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গত মঙ্গলবার রাতে মনোরঞ্জন মহন্ত নামের এক সাংবাদিক গুরুতর আহত হন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: সদর উপজেলার সুবড়া গ্রামের আজিজার রহমান (৫০) গতকাল মোটরসাইকেলে করে বাড়ি থেকে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যাচ্ছিলেন। পথে বিকেল চারটার দিকে উত্তর গোবিন্দপুর এলাকায় একটি বিআরটিসির বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আজিজার নিহত হন। এদিকে গাবুড়া এলাকায় দুপুরে একটি ট্যাংকলরি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী প্রদীপ রায় (২৫) নিহত হন। তিনি সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের শেখপুরা গ্রামের কানাই লালের ছেলে।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ শহরের পান্থাপাড়া এলাকায় গতকাল সকাল ১০টার দিকে একটি পিকআপভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত ও আরও পাঁচজন আহত হন। দেলোয়ার রংপুরের কাউনিয়ার উল্লাপাড়া গ্রামের বাসিন্দা। হতাহত ব্যক্তিরা সবাই পিকআপভ্যানের যাত্রী।
নীলফামারী: ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের উজ্জ্বল কুমার রায় (৪২) গত মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলে ইপিআই কর্মসসূচির ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরছিলেন। পথে সদর ইউনিয়নের দেবীরডাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান ও তাঁর ডান পা ভেঙে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।
বিরামপুর (দিনাজপুর): ঘোড়াঘাট থেকে গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি রানীগঞ্জে ফেরার পথে নিদাশা (পুশকনি) এলাকায় একটি পিকআপ সাংবাদিক মনোরঞ্জনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন মনোরঞ্জনকে দেখতে পেয়ে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা মনোরঞ্জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি বাংলাদেশ সময়, দিনাজপুর নিউজ ও দৈনিক শিক্ষা ডটকমের ঘোড়াঘাট প্রতিনিধি এবং রানীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।