পাবনা, রাজবাড়ী ও মানিকগঞ্জে গত বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:পাবনা: পাবনা-নগরবাড়ী মহাসড়কের রাজাপুর নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত টেম্পোর মুখোমুখি সংঘর্ষে পাবনা সদর উপজেলার গয়েশপুর কমিল্লী গ্রামের মিলন হোসেন (২০) ও আটঘরিয়া উপজেলার হিদেশখোল গ্রামের রানী খাতুন (৩২) নিহত হন।গোয়ালন্দ (রাজবাড়ী): বৃহস্পতিবার সকাল নয়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের নবগঠিত কালুখালী উপজেলার কালীতলায় বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের যাত্রী খবিরুন্নেছা (৪৫) নামের এক মহিলা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাতজন। এ ঘটনায় স্থানীয় লোকজন দৌলতদিয়া-কুষ্টিয়া সড়ক অবরোধ করে রাখে। এতে পৌনে এক ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে।মানিকগঞ্জ: বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ পুলিশ লাইনের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৪০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। নিহত সাইফুল ইসলাম টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বন্নিকিশোরী গ্রামের আবদুল করিমের ছেলে। সরকারি কাজে সাইফুল সকালে পুলিশ লাইনে যান। বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। মোটরসাইকেল নিয়ে পুলিশ লাইনসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ওঠামাত্র ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়।