চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। গত শনিবার বাসের চাপায় মাগুরা জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি নিহত হয়েছেন। একই দিন ভোলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী প্রাণ হারান। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: চুয়াডাঙ্গা: দামুড়হুদা-নতিপোতা সড়কের দামুড়হুদা উপজেলার করিমপুর গ্রামে গতকাল সকালে শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান করিমনের ধাক্কায় কাঞ্চন খাতুন (৫) মারা যায়। দুপুরে দর্শনা-জীবননগর সড়কে আলহেরা স্কুলের সামনে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আশিকুল ইসলাম (৫০) নিহত হন। মাগুরা: মাগুরা-ফরিদপুর সড়কের সদর উপজেলার বেলনগর স্কুলের সামনে শনিবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মাগুরা জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান (৬৪) মারা যান। এ ঘটনায় মাগুরা জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতি গতকাল অর্ধবেলা দোকানপাট বন্ধ রাখে। ভোলা: ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার ফরাজী বাজার এলাকায় শনিবার একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী পঞ্চগড়ের টনিরহাট এলাকার আবদুল আলী (৪৫) নিহত হন। তিনি সুপারি কেনার জন্য কিছুদিন আগে ভোলায় আসেন। এ ঘটনায় অপর সুপারি ব্যবসায়ী লালমোহন উপজেলার ডাওরী গ্রামের জামাল উদ্দিন আহত হন। তাঁকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।