তিন জেলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে ছাত্রীসহ দুজন, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একজন এবং নড়াইলের লোহাগড়ায় নছিমনচালক নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: গতকাল বুধবার সকালে সদর উপজেলার চর পাথালিয়া গ্রামে মাটি টানার একটি ট্রলিতে ওঠার সময় শ্রমিক সহিদুল ইসলাম (৩৫) পড়ে গিয়ে ট্রলির নিচে চাপা পড়েন। আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার কান্দি বাজার এলাকায় খুকু কির্ত্তনীয়া (১০) রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি নছিমন তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে সে মারা যায়। খুকু কির্ত্তনীয়া কোটালীপাড়া উপজেলার হরিণাহাটি গ্রামের সুরেশ কির্ত্তনীয়ার মেয়ে এবং কান্দি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।গলাচিপা (পটুয়াখালী): গত মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলার আলিবাড়িয়া গ্রামের মুসা কাজী (২০) ট্রাক্টর দিয়ে নিজেদের জমি চাষ করছিলেন। এ সময় ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে খেতের পাশে রাস্তার সঙ্গে ধাক্কা লাগলে মুসা ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি গ্রামের রহমান কাজীর ছেলে।লোহাগড়া (নড়াইল): লোহাগড়া-নড়াইল সড়কের রামপুরা এলাকায় গতকাল বেলা সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক মুন্নাফ শিকদার (৪০) ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন। তাঁকে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অন্য কেউ আহত হননি। স্থানীয় লোকজন এর প্রতিবাদে এবং ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে ওই স্থানে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।