তিন জেলায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে গত বুধবার রাতে বাসচাপায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চারজন। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজার: রামুতে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল মল্লিকপাড়ার সুরেশ মল্লিকের স্ত্রী লাকী মল্লিক (৩৮) ও তাঁর ভাতিজি প্রিয়া মল্লিক (১৪)। প্রিয়া রামু বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গত বুধবার রাত নয়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর তেচ্ছিপুল এলাকায় মাইক্রোবাস থেকে নামছিলেন লাকী ও প্রিয়া। এ সময় কক্সবাজার অভিমুখী একটি পিকআপ তাঁদের চাপা দেয়।
রামু থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুচ জানান, ঘটনাস্থলেই লাকীর মৃত্যু হয়। আর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় প্রিয়া মল্লিক। তাঁরা কক্সবাজার শহরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন।
সীতাকুণ্ড: সীতাকুণ্ডে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল এলাকার আনোয়ার হোসেন (৪৭) ও ইসমাইল বলি (৫০) এবং সন্দ্বীপের মো. শাখাওয়াত হোসেন (২৫)।
সীতাকুণ্ড থানার এসআই দুলাল হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড বাজারে মাছ বিক্রির পর নছিমনে করে বাড়ি ফিরছিলেন আনোয়ার, ইসমাইলসহ চার ব্যক্তি। পৌর সদরের শেখপাড়ায় চট্টগ্রামমুখী একটি পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আনোয়ার ও ইসমাইল ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনায় আহত নুরুল গণি ও নুরুল আলমকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. সহিদ উল্লাহ বলেন, চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডের কুমিরাগামী একটি মিনিবাস উপজেলার ভাটিয়ারী উত্তরবাজার এলাকায় উল্টে যায়। এতে ঘটনাস্থলে শাখাওয়াত হোসেন মারা যান।
নোয়াখালী: স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে রামগঞ্জ-চৌমুহনী সড়কের সোনাইমুড়ী উপজেলার নদনা পোলের গোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী আবদুল হক (৫৫) ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার চালক ও আরও চার যাত্রী আহত হন। তাঁদের উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি।
নিহত আবদুল হকের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভাওপুর গ্রামে। তিনি পান ব্যবসায়ী।
সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।