তিন জেলায় পরিবহন ধর্মঘট দুর্ভোগে যাত্রীরা
সাতক্ষীরা, বাগেরহাট ও পঞ্চগড় জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের ডাকা এ ধর্মঘটের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: সাতক্ষীরায় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গতকাল শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাস ও মিনিবাস চলাচলকারী সড়কগুলোতে নছিমন, করিমনসহ সব ধরনের অবৈধ যান বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটের কারণে গতকাল সারা দিন সড়কগুলোতে বাস-মিনিবাসসহ যান চলাচল বন্ধ ছিল। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম বলেন, জেলার প্রধান প্রধান সড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে গত তিন বছরে একাধিকবার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু কোনো আশ্বাসই পরে বাস্তবায়িত হয়নি। যে কারণে তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছেন।সাতক্ষীরার জেলা প্রশাসক মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, জেলার পরিবহন নেতাদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন।বাগেরহাট: নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ পরিবহন বন্ধের দাবিতে বাগেরহাটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল। পরিবহন মালিক ও শ্রমিকদের আটটি সংগঠন যৌথভাবে গত শুক্রবার ভোর থেকে এ পরিবহন ধর্মঘট শুরু করে।ধর্মঘটের কারণে গতকাল রাজধানী ঢাকা, পার্শ্ববর্তী পিরোজপুর ও খুলনা জেলাসহ দূরপাল্লার জেলাগুলোর উদ্দেশে বাগেরহাট থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধর্মঘট আহ্বানকারী পরিবহন নেতাদের সঙ্গে প্রশাসন কোনো আলোচনার উদ্যোগ নেয়নি।বাগেরহাট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন বলেন, বছরের পর বছর পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো নছিমন, করিমন, ভটভটিসহ সব অবৈধ যানবাহন বন্ধের দাবিতে আন্দোলন করে এলেও প্রশাসন এ সমস্যা সমাধানে বাস্তব কোনো উদ্যোগ নিচ্ছে না। চলতি ধর্মঘট শুরুর পর থেকে গতকাল পর্যন্ত প্রশাসন তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।তবে বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানিয়েছেন, পরিবহন মালিক ও শ্রমিকদের দাবির বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হচ্ছে।পঞ্চগড়: অটোবাইক চালক ও মোটর পরিবহন শ্রমিকদের মধ্যে হাতাহাতির জেরে পঞ্চগড়ে গতকাল দ্বিতীয় দিনে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত ছিল। ধর্মঘটের কারণে জেলার ১১টি সড়কে সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। তবে গতকাল সকালে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো ছেড়ে গেছে।যাত্রী পরিবহনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বোদা উপজেলার ময়দানদীঘি এলাকায় অটোবাইক চালক ও পরিবহন শ্রমিকদের হাতাহাতির ঘটনায় তিন পরিবহন শ্রমিক সামান্য আহত হন। অভিযুক্ত অটোবাইক চালকদের গ্রেপ্তারসহ নানা দাবিতে শ্রমিকেরা গত শুক্রবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু করেন। জটিলতা নিরসনে প্রশাসন উদ্যোগ নিলেও তাতে সাড়া দেননি বিক্ষুব্ধ শ্রমিকেরা। তাঁরা দাবি জানিয়েছেন, নছিমন, করিমন, অটোরিকশাসহ সব ধরনের অবৈধ যানবাহন বন্ধ করতে হবে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এটা শ্রমিকদের মধ্যে বিরোধ। তাঁরা নিজ উদ্যোগে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। পঞ্চগড় মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার বলেন, সংকট নিরসনে শ্রমিকদের নিয়ে বৈঠকের প্রক্রিয়া চলছে। শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশা করছেন।