তিন জেলায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার তিন জেলায় পাঁচজন নিহত হয়েছেন। আগের দিন গত মঙ্গলবার প্রাণ হারান আরও দুজন।

এ নিয়ে গত ১৮৩ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৫৭ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার এলাকায় গতকাল ভোরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন ফরিদগঞ্জ উপজেলার সেকদি মুনশি বাড়ির মো. কামাল হোসেন মুনশি (৩১) এবং আলোনিয়া গ্রামের নুরুন্নবী (৩০)। তাঁরা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

সূত্র বলেছে, অটোরিকশাটি ফরিদগঞ্জ থেকে চাঁদপুরে আসছিল।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চামটা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সকালে ট্রাকের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন ঘটনাস্থলের পাশের আতকাপাড়া গ্রামের মো. সিরাজ উদ্দিন (৭৫) ও কুতুবপুর গ্রামের মো. তফাজ্জল হোসেন (৬৫)।

প্রত্যক্ষদর্শী মো. রায়হান মিয়া (১৬) বলে, মহাসড়কের পশ্চিম দিক থেকে মালবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে একবার ডানে আরেকবার বাঁয়ে চেপে আসছিল। তা দেখে দুই বয়স্ক পথচারী দৌড়ে মহাসড়কের পাশের ঘাসের ওপর দাঁড়ান। কিন্তু বেপরোয়া ট্রাকটি তাঁদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান বলেন, ট্রাকটি চিহ্নিত করা যায়নি।

সিরাজগঞ্জের নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ব্রহ্ম কপালি এলাকায় গতকাল সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তাঁর বাড়ি উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামে। তিনি উল্লাপাড়ায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, জাহিদুল মোটরসাইকেলে উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী সরকার ট্রাভেলস নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে এবং এর চাকায় পিষ্ট হয়ে জাহিদুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হন।

মঙ্গলবার ভোরে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় নূরুল হক (৪০) ও তাঁর ভায়রা আলাউদ্দিন (৪৭) নিহত হন। নূরুল হকের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর থানার কালিশাপাড়ায় এবং আলাউদ্দিনের বাড়ি গুজিরকোনায়।

টঙ্গী থানার এসআই নাজির হোসেন বলেন, হোসেন মার্কেট এলাকায় আলাউদ্দিনের ভাড়া বাসায় তাঁর ভায়রা নূরুল হক সম্প্রতি বেড়াতে এসেছিলেন। নূরুলকে নেত্রকোনার বাসে তুলে দিতে আলাউদ্দিন তাঁকে নিয়ে হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাঁরা মারা যান।