তিন জেলায় পানিতে ডুবে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী, লালমনিরহাট ও পঞ্চগড়ে গত সোমবার ও গতকাল মঙ্গলবার পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নীলফামারী: ডোমারের হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের মোর্শেদা বেগম (৫০) গতকাল সকাল সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশী এক নারীকে ডাকতে যান। সেখান থেকে এলেও তিনি আর বাড়িতে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাচ্ছিলেন না। পরে বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে ওই গৃহবধূর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়। হরিণচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ‘মোর্শেদা ওই গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী।তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, তিনি (মোর্শেদা) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।’

পাটগ্রাম (লালমনিরহাট): হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের পূর্বসারডুবি গ্রামের রবিউল ইসলামের ছেলে মুন্না (৫) গত সোমবার সন্ধ্যায় কয়েকজন শিশুসহ বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সে পাশের একটি গর্ত পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্না স্থানীয় মিলন বাজারের আমেনা খাতুন বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল। এদিকে একই গ্রামের তফসির উদ্দিনের ছেলে মানসিক ভারসাম্যহীন হাফিজুল ইসলাম (৩৪) গত সোমবার বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যান। সন্ধ্যার দিকে পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পঞ্চগড়: আটোয়ারীর মির্জাপুর ইউনিয়নের পাথরতোলা গ্রামের বাবুল হোসেনের ছেলে স্কুলছাত্র মো. লাবু (১৩)গত সোমবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। সন্ধ্যার পরও সে ফিরে না আসায় সন্দেহ হয় পরিবারের লোকজনের। পুকুরে ডুবে যেতে পারে, এমন সন্দেহে রাতেই পরিবারের সদস্যরা পঞ্চগড় দমকল বাহিনীকে খবর দেন। পরে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রংপুর দমকল বাহিনীর ডুবুরি দল পুকুর নিচ থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। লাবু স্থানীয় বার আউলিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ইউপির চেয়ারম্যান মো. ওমর আলী ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পঞ্চগড় দমকল বাহিনীর ওয়্যার হাউস পরিদর্শক আবদুল মালেক বলেন, ‘পুকুরের পানির তলদেশে ওই শিক্ষার্থীরা লাশ থাকতে পারে, পরিবারের পক্ষ থেকে এমন সন্দেহের কথা জানালে রংপুর দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দিই। পরে ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।’