তিন জেলায় পানিতে ডুবে ছাত্রীসহ চার শিশুর মৃত্যু
পুকুরের পানিতে ডুবে গতকাল শুক্রবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক স্কুলছাত্রী ও সুনামগঞ্জের ধরমপাশায় এক শিশু মারা গেছে। চাঁদপুরের মতলব পৌর এলাকায় গত বৃহস্পতিবার পুকুরে ডুবে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া স্কুলছাত্রী হচ্ছে রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের সানা উল্যার মেয়ে শারমিন আক্তার (৮)। অপর তিন শিশু হচ্ছে ধরমপাশা উপজেলার সদর রাজনগর গ্রামের রুহুল আমিনের ছেলে আবদুল্লাহ শাফি (২), চাঁদপুরের মতলব পৌরসভার দক্ষিণ দীঘলদী গ্রামের আলমগীর হোসেনের মেয়ে আকসা (৬) ও খোকন মিয়ার ছেলে মো. মাসনুন (৬)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
রায়পুর (লক্ষ্মীপুর): স্থানীয় ইউপি সদস্য আবদুল আহাদ মুরাদ চৌধুরী জানান, রাখালিয়া গ্রামের সানা উল্যার মেয়ে শারমিন সকালে সবার অজান্তে বাড়ির পুকুরে খেলতে যায়। এ সময় সে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। সে রাখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, স্থানীয় লোকজন বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।
ধরমপাশা (সুনামগঞ্জ): এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ধরমপাশা উপজেলার রাজনগর গ্রামের রুহুল আমীনের ছেলে আবদুল্লাহ শফি বাড়ির উঠানে আরও তিন-চারজন শিশুর সঙ্গে খেলছিল। একপর্যায়ে সে বাড়ির পেছনে ডোবার পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। ঘণ্টা খানেক পর ভাসমান অবস্থায় সেখান থেকে উদ্ধার করে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান শিশুটির পানিতে ডুবে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
মতলব দক্ষিণ (চাঁদপুর): পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মতলব পৌরসভার দক্ষিণ দীঘলদী গ্রামের বাড়ি লাগোয়া মাঠে খেলতে গিয়ে ওই মাঠসংলগ্ন পুকুরের পানিতে ডুবে যায় আকসা ও মাসনুন। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে পাঁচটায় পরিবারের লোকেরা ওই পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।