তিন জেলায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
শেরপুর, জামালপুর ও পঞ্চগড়ে গত রোববার ও গতকাল সোমবার পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় রোববার নদীতে ডুবে মামাতো-ফুফাতো ভাইবোনের মৃত্যু হয়।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর: সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় রোববার মৃগী নদীতে ডুবে উপজেলার উত্তর গৌরীপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে আরাফাত ইসলাম (৬) ও তাঁর বোনের মেয়ে সোহানা বেগমের (৩) মৃত্যু হয়। আরাফাত স্থানীয় এম এ পাবলিক স্কুলের নার্সারি শ্রেণির ছাত্র ছিল।
সোহানার মা বিউটি বেগম একটি তৈরি পোশাক কারখানার কর্মী। তিনি রোববার দুপুরে সোহানাকে নিয়ে গাজীপুরের কর্মস্থল থেকে উত্তর গৌরীপুর এলাকায় তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। ওই দিন বিকেলে বাড়ির পাশের কালীগঞ্জ এলাকায় মৃগী নদীর ধারে খেলা করার সময় আরাফাত ও সোহানা পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাত আটটার দিকে স্থানীয় লোকজন নদী থেকে সোহানার লাশ উদ্ধার করেন। শেরপুর ও ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা রোববার রাত ১২টার দিকে আরাফাতের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা (ইউডি) হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর): উপজেলার মহাদান গ্রামেগতকাল দুপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে জামিল মিয়া নামের তিন বছরের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের সুজা মিয়ার ছেলে। পানিতে ডুবে যাওয়ার অনেকক্ষণ পরে জামিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মমতাজ উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া উপজেলায় গবরা নদীতে ডুবে সোহেল (১০) ও রতন (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল ওই এলাকার আবুল কালামের ছেলে। সে স্থানীয় আজিজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। রতন একই এলাকার আলী আকবরের ছেলে। সে-ও একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
দুপুরে সোহেল ও রতন গবরা নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।