নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এবং গাজীপুর ও সাতক্ষীরা থেকে গত মঙ্গলবার রাত থেকে মোট ৯৮ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার-আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন এসব এলাকার বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা।
পুলিশ সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে ২৭ জনকে আটক করেছে। তাঁদের মধ্যে ধামরাইয়ে আটক ১০ জনকে ৫৪ ধারায়, আশুলিয়ায় তিনজনকে গাড়ি পোড়ানো মামলা এবং সাভারে পাঁচজনকে গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের থানাহাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৬১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে জয়দেবপুর থানায় ৩০ জন, কালিয়াকৈরে ছয়জন, টঙ্গীতে ছয়জন, শ্রীপুরে সাতজন, কাপাসিয়ায় ১০ জন ও কালীগঞ্জে দুজন রয়েছেন।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আবদুল বাতেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
সাতক্ষীরার আশাশুনি, কলারোয়া, পাটকেলঘাটা ও শ্যামনগর উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মুসা মোহা. তারিকুজ্জামান, সাতক্ষীরা শহর শাখা শিবিরের সভাপতি আবু তালেব, ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ও শ্যামনগরে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোক্তার হোসেন রয়েছেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে হরতালে গাছকাটা, সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।