তিন জেলায় পৃথক সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট
মাগুরার শ্রীপুর, ফরিদপুরের বোয়ালমারী ও ভোলা সদর উপজেলায় গতকাল মঙ্গলবার পৃথক সংঘর্ষে অন্তত ৪২ জন আহত হয়েছেন। এ সময় ৩৫টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আধিপত্য বিস্তার নিয়ে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হোসেন মোল্লা ও জেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক হারুন আর রশীদের সমর্থকদের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির নেতা আবদুল হাই ও রফিকুল ইসলামের সমর্থকদের বিরোধ চলে আসছিল। গতকাল বেলা ১১টার দিকে বিএনপির ২০-২৫ জন সমর্থক প্রতিপক্ষ আওয়ামী লীগের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ১০ জন আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে নুরুল মোল্লার সমর্থক বকুল মোল্লা নামের এক ব্যক্তি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন—এলাকায় এমন গুজব ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের সমর্থকেরা প্রতিপক্ষ বিএনপির সমর্থকদের অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ খবর ছড়িয়ে পড়লে কাজলী, কাবিলপুর, হোগলডাঙ্গা ও মোর্তজাপুর গ্রামের দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৪০টি ফাঁকা গুলি ছোড়ে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, চার-পাঁচ গ্রামের দুই পক্ষের লোকজন ওই মারামারিতে অংশ নেয়। পুলিশ শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি।
ফরিদপুর: বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন পরিষদের (ইউপি) শাহ মো. মঞ্জু বলেন, শুকদেব নগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খানের সঙ্গে সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমানের বিরোধ চলে আসছিল। এ বিরোধ থেকেই সোমবার রাত ও মঙ্গলবার সকালে শুকদেব নগর গ্রামে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার বিকেলে পাশের শিরগ্রামে মতিয়ারের সমর্থক সাদেক ও নজরুলের সমর্থক লাবলুর মধ্যে টাকা লেনদেন নিয়ে হাতাহাতি হয়। এর জের ধরে রাতে শুকদেব নগর গ্রামে মতিয়ারের সমর্থকেরা নজরুল খানের সমর্থকদের ওপর হামলা চালিয়ে ১২টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ওই গ্রামের বাসিন্দা রাজবাড়ীতে কর্মরত বিচারিক হাকিম কাজী আশরাফের বাড়িও ভাঙচুর করা হয়। আশরাফের মা মমতাজ বেগম বলেন, ‘আমার দুই ছেলে। একজন ঢাকায় পড়ালেখা করে অন্যজন রাজবাড়ীতে চাকরি করে। আমরা কোনো দল-পক্ষে নেই। কেন আমার বাড়িতে এ হামলা করা হলো, তা বুঝতে পারছি না।’
গতকাল সাতটার দিকে নজরুল ইসলাম খানের সমর্থকেরা মতিয়ারের লোকদের ওপর পাল্টা হামলা চালান। দুই পক্ষের লোকজন ঢাল, সড়কি, কাতরাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় আরও আটটি বাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমালী থানার পুলিশ দুই দফা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোলা: সদর উপজেলার মেঘনা নদীর মাঝে জেগে ওঠা মধুপুর-গাজীপুর চরে জাল পাতাকে কেন্দ্র করে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ভুট্টু বেপারী ও কামাল উদ্দিন বেপারীর জেলেদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১২ জন আহত হন।
পূর্ব ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা উপপরিদর্শক বরকত হোসেন বলেন, জাল পাতা নিয়ে জেলেদের সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় একটি পক্ষ ডাকাতির ঘটনায় রূপান্তর করতে চাচ্ছে।