তিন জেলায় প্রতিবাদী সমাবেশ
মঞ্চের মূল ব্যানারে লেখা ‘ফসলহারা কৃষকের পাশে আমরা’। অনুষ্ঠানস্থলের চারদিকে কৃষকের পক্ষে নানা দাবি লেখা ফেস্টুন টানানো। আয়োজকেরা বৈশাখী উৎসবের চিরায়ত রঙিন শাড়ি-পাঞ্জাবি পরেননি। এর বদলে কেউ কেউ পরেছেন কালো পোশাক। মঞ্চে চলে গণসংগীত, ফাঁকে ফাঁকে স্লোগান। সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠানের চিত্রটা ছিল এ রকমই।
হাওরের ফসলহারা কৃষকদের ক্ষতিপূরণ দাবি, মানববন্ধন, প্রতিবাদী সমাবেশ, গান, স্লোগানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গত শুক্রবার বরণ করা হয়েছে নববর্ষকে। হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সংহতি জানাতে এবার সুনামগঞ্জে পয়লা বৈশাখের উৎসব উদ্যাপন করা হয়নি। হবিগঞ্জ ও নেত্রকোনার হাওরাঞ্চলেও বর্ষবরণের উৎসব হয়নি।
প্রতিবাদী অনুষ্ঠান হয়েছে পুরো সুনামগঞ্জ জেলায়। দিরাইয়ে ফসলহানির প্রতিবাদের পাশাপাশি বর্ষবরণ অনুষ্ঠানে সংস্কৃতিকর্মীরা ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মঞ্চস্থ করেন নাটক সাধু সাবধান। জগন্নাথপুরে মানববন্ধন হয়েছে। ‘দুঃখভরা বৈশাখ-১৪২৪’ লেখা ব্যানার আর হাওরের কৃষকদের পাশে দাঁড়ানোর বিভিন্ন দাবি লেখা ফেস্টুন হাতে শোভাযাত্রা করেছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সকালে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে। মঞ্চে ডেকে নেওয়া হয় কয়েকজন ফসলহারা কৃষককে। স্বাগত বক্তব্যে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানিয়ে দেন, ‘এই আয়োজন শুধু বর্ষবরণের নয়, একই সঙ্গে সুনামগঞ্জের লাখো ফসলহারা কৃষকের পক্ষে সংহতি সমাবেশ। আমরা ফসলহানির প্রতিবাদ জানাই, সেই সঙ্গে ফসল রক্ষা বাঁধ নির্মাণে যাঁরা অনিয়ম-দুর্নীতি করেছেন, তাঁদের বিচার চাই।’ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হয়।
সংগঠনের জেলা সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. শামসুল আবেদীন, সুনামগঞ্জের প্রবীণ সংস্কৃতি সংগঠক রমেন্দ্র কুমার দে, জেলা মহিলা পরিষদের সহসভাপতি সঞ্চিতা চৌধুরী প্রমুখ।
শহরের পৌর কলেজ প্রাঙ্গণে লোকদল শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠানস্থলের প্রবেশপথে বড় ব্যানারে লেখা ছিল, ‘সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করো।’ সংগঠনের সভাপতি বিধান চন্দ্র বণিক বলেন, ‘অন্য বছর সুনামগঞ্জ শহরজুড়ে দিনভর বর্ষবরণের উৎসব হতো, এবার সেটি নেই। প্রতিবাদ জানিয়েছি।’
শীলা রায় বলেন, ‘আজ কৃষকের মনে যে আনন্দ থাকার কথা ছিল, সেটি নেই। বেঁচে থাকার অবলম্বন সারা বছরের একমাত্র ফসল হারিয়ে তাঁরা এখন নিঃস্ব।’
ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজারের শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়েছে। শুক্রবার বেলা দুইটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মধ্যনগর থানা শাখা এই সমাবেশের আয়োজন করে। এতে দুই সহস্রাধিক মানুষ অংশ নেয়। সিপিবির মধ্যনগর থানা শাখার সাবেক সম্পাদক মো. মৌজ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ, জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, মধ্যনগর থানা শাখার সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ।
সুনামগঞ্জে সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে ১৪০টি হাওরের বোরো ধান তলিয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে জেলাজুড়ে বাঁধ নির্মাণের নামে অনিয়ম-দুর্নীতিতে জড়িত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির দাবিতে নানা কর্মসূচি পালিত হচ্ছে।
জেলায় এবার ৫ লাখ ৫২ হাজার ৯০৯ একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। কৃষকদের দাবি, জেলার ৯০ শতাংশ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষি অফিস বলছে, ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ একর।
পাউবো ৬৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে। কৃষকদের অভিযোগ, বাঁধের কাজ নির্ধারিত সময়ে না হওয়া এবং কাজে অনিয়মের কারণেই হাওরে এই অসময়ে ফসলের ক্ষতি হয়েছে।
এদিকে হবিগঞ্জের হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, জেলার নদ-নদীসহ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে শুক্রবার মানববন্ধন ও পথসভা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ ও খোয়াই রিভার ওয়াটারকিপারের পক্ষ থেকে শুক্রবার সকাল ১০টায় স্থানীয় শিরীষতলায় এ কর্মসূচি পালন করা হয়। বাপার হবিগঞ্জ শাখার সভাপতি মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি তাহমিনা বেগম, সায়েরা চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আরা বেগম প্রমুখ।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ‘মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি’ পালন করা হয়েছে। উপজেলা পরিষদের সামনে বেলা ১১টায় ‘খালিয়াজুরী উপজেলাবাসী’র ব্যানারে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান সিদ্দিকী, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে থানার মোড় পর্যন্ত সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। সরকারিভাবেও খালিয়াজুরীতে নববর্ষের কোনো কর্মসূচি পালিত হয়নি। এ উপজেলার ২০ হাজার ৭০ হেক্টর বোরো জমির ফসল অকালবন্যায় তলিয়ে গেছে।
নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার
পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। সুনামগঞ্জে হাওরের ফসলহানি এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠার পর তাঁকে সরিয়ে পাউবোর প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হলো। পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্ব) মো. আবদুল হাই খবরটি নিশ্চিত করেছেন।
প্রকৌশলী আফসার উদ্দিন ও স্থানীয় কয়েকজন ঠিকাদারের বিরুদ্ধে হাওরের ফসল রক্ষায় ২৮টি বাঁধ নির্মাণের নামে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগ তদন্তে গত বৃহস্পতিবার তিন সদস্যের কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সন্ধ্যায় জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। তবে কোনো কাগজপত্র পাইনি।’
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন সুনামগঞ্জ অফিস এবং ধরমপাশা, হবিগঞ্জ ও নেত্রকোনা প্রতিনিধি}