তিন জেলায় প্রাণোচ্ছল সংবর্ধনা
অনুষ্ঠানটি ছিল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। গান, কৌতুক, জাদুসহ রকমারি আয়োজনে তা হয়ে যায় প্রাণোচ্ছল এক মিলনমেলা। এতে এক দিকে তারা যেমন নির্মল আনন্দে মেতেছে, তেমনি মাদক ও ইভ টিজিংকে ‘না’ বলার ও দুর্নীতি থেকে দূরে থাকার অঙ্গীকারে দৃপ্ত ছিল তাদের কণ্ঠ।গতকাল বৃহস্পতিবার প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে কক্সবাজার, নীলফামারী ও খুলনা জেলায় ২০১০ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। গতকাল থেকেই দেশব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়। প্রতিটি জেলায় সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রথম আলোর পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়। গতকাল বিকেল তিনটায় খুলনা নগরের স্টার স্টার ওয়ার্ল্ভ্র শিশুপার্কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রবির পক্ষে উপস্থিত ছিলেন তানভীর মাসুদ, রাজিয়া সুলতানা ও রেজওয়ান বিল্লাহ। শিক্ষার্থীদের হাতে তাঁরা ক্রেস্ট ও সনদ তুলে দেন। পুরো অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন খুলনা বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান। মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও খুলনা জিলা স্কুলকে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। শিক্ষার্থীদের উদ্দেশে খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ এম আবুল বাশার মোল্লা বলেন, ‘বাংলাদেশের প্রয়োজন দক্ষ মানবশক্তি। তোমরা যদি সঠিক শিক্ষা নাও, তাহলে বাংলাদেশের প্রয়োজন মিটবে।’রবির খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক এ এস এম এনায়েতুর রহিম বলেন, ‘জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের রবির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। মেধাবীদের মিলনমেলায় সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত।’প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর বলেন, ‘তোমরা জিপিএ-৫ পেয়ে যতটা গর্বিত, তোমাদের সংবর্ধনা দিতে পেরে প্রথম আলো এর চেয়ে বেশি গর্বিত এবং আনন্দিত। আমরা আশা করব, তোমরা দেশের সব ভালো কাজের সঙ্গে থাকবে।’শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে খুলনা বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় গান, কৌতুক আর জাদু মাতিয়ে তোলে কৃতী শিক্ষার্থীদের। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন খুলনা বন্ধুসভার ইমরান।কক্সবাজারে বিকেল তিনটায় সাগর সৈকতের সাংস্কৃতিক কেন্দ্রে জেলার আটটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীরা নিজেদের বদলানোর পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ও দশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করে। সত্যকে ‘হ্যাঁ’ ও মিথ্যাকে ‘না’ বলার শপথ নেয়। কক্সবাজার মডেল হাইস্কুলের কৃতী শিক্ষার্থী নাদিয়া শারমিন বলে, ‘পর্যটন শহর কক্সবাজার এখন মাদকের জোয়ারে ভাসছে। মাদকাসক্ত বখাটেদের ইভ টিজিংয়ের শিকার হচ্ছে স্কুল-কলেজের ছাত্রীরা। আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাই। আমরা অঙ্গীকার করছি, আজ থেকে আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হব। ইভ টিজিং থেকে দূরে থাকব। বদলে দেব বাংলাদেশকে।’ এ সময় উপস্থিত সাত শতাধিক কৃতী শিক্ষার্থী হাততালি দিয়ে তার বক্তব্যের প্রতি সমর্থন জানায়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বলেন কক্সবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছলিমুর রহমান। স্বাগত বক্তৃতা করেন কক্সবাজারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, রবির কক্সবাজারের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শামীমূল হাসান, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা চৌধুরী, কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনা খাতুন, অভিভাবক আবু তাহের চৌধুরী।অনুষ্ঠানে ভালো ফল অর্জনের স্বীকৃতিস্বরূপ জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয় ও চকরিয়া কোরক বিদ্যাপীঠকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ক্রেস্ট গ্রহণ করেন। কলেজে ভর্তি ও বই কেনার জন্য অদম্য মেধাবী তিন শিক্ষার্থী রামুর ক্যাছেন ওয়ান রাখাইন, কক্সবাজারের আনোয়ার ইসলাম ও টেকনাফের শান্তা শর্মাকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।গতকাল সকালে নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। নীলফামারী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু বলেন, ‘বড় হয়ে তোমরা মাদক নেবে না, দুর্নীতিকে প্রশ্রয় দেবে না—এই শপথ তোমাদের নিতে হবে।’সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুলের ছাত্র শামীম পারভেজ বলেন, ‘সমাজের সব দুর্নীতির বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। তবেই আমরা আলোকিত পৃথিবী গড়তে পারব।’রবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. মুরাদ হাসান বলেন, ‘আমি নিজে বদলাতে পারলে সমাজ, বন্ধু সবাইকে বদলানো সম্ভব। তাই নিজেকে বদলাতে হবে আগে।’অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান শুভেচ্ছা বক্তব্য দেন। বন্ধুসভার সদস্যরা সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় নীলফামারী জেলার তিনটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্রেস্ট দেওয়া হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে সৈয়দপুর সরকারি কারিগরি বিদ্যালয়, সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও নীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয়। [এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, খুলনা অফিস ও নীলফামারী প্রতিনিধি]