তিন জেলায় ফসলের ক্ষতি প্রায় দেড় শ কোটি টাকা
গচ্ছিত শেষ সম্বল ৬০ হাজার টাকায় কৃষক শহিদুল ইসলাম ১১ বিঘা জমিতে আউশ ধান রোপণ করেছিলেন। ফসলও হয়েছিল বেশ ভালো। তবে সেই সোনার ধান ঘরে তুলতে পারেননি বগুড়ার ধুনটের সুলতানহাটা গ্রামের এই কৃষক। শহিদুল বলছিলেন, ‘ফসল কাটমো এই সময় বানের পানি অ্যাসা সব ভাসায়ে দিল। কাটার সয়মটুক প্যালামা না।’
ভাদ্রের অকাল বন্যা শহিদুলের মতো হাজারো কৃষকের কাঙ্ক্ষিত ফসল এভাবেই নষ্ট করেছে। ক্ষতি কীভাবে পুষিয়ে উঠবেন সেই ভাবনায় পড়েছেন কৃষকেরা। বগুড়া, রংপুর ও নীলফামারীর সরকারি দপ্তরের হিসাব অনুসারে, তিন জেলায় ১৪৭ কোটি ৪০ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। ফসল ছাড়াও ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক-সেতু, বাঁধ, উপাসনালয়—বন্যা তার ক্ষতির চিহ্ন রেখে গেছে সবখানেই।
বগুড়ার সারিয়াকান্দি, ধুনট, সোনাতলা, গাবতলী ও শাহজাহানপুর উপজেলায় বন্যায় আনুমানিক প্রায় ২০০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। জেলায় সরকারি কয়েকটি দপ্তরের হিসাব একত্র করে ক্ষতির এই চিত্র পাওয়া গেছে। এর মধ্যে শুধু ফসলের ক্ষতি হয়েছে প্রায় ১৪৩ কোটি টাকা। এ ছাড়া রংপুর ও নীলফামারী মিলিয়ে ফসলের ক্ষতি প্রায় দেড় শ কোটি টাকা।
জেলার ত্রাণ ও পুনর্বাসন বিভাগ এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান জানাতে পারেনি। গতকাল সোমবার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে বিভিন্ন সূত্র থেকে যে তথ্য আসছে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই শ কোটি ছাড়িয়ে যেতে পারে। সরকারিভাবে ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণের জন্য কাজ চলছে।’
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চণ্ডীদাস কুণ্ডু বলেন, বন্যায় ১৪৩ কোটি টাকার ফসলহানি ঘটেছে। এর মধ্যে দেড় হাজার হেক্টর আমন, সাড়ে তিন হাজার হেক্টর রোপা আউশ, দেড় শ হেক্টর বীজতলা এবং আড়াই শ হেক্টর সবজিসহ অন্য ফসলের ক্ষতি হয়েছে।
পানি সরে যাওয়ার পর কৃষি পুনর্বাসন কার্যক্রম চালানো হবে বলে জানান চণ্ডীদাস কুণ্ডু।
পাঁচ উপজেলার মধ্যে বন্যায় শুধু সারিয়াকান্দি উপজেলাতেই ৭৬ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতির দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ধুনটে ৩৬ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, পাঁচ উপজেলায় ৩৯৪টি গ্রামের সাড়ে চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার সড়ক, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, মৎস্যসম্পদ, বাঁধ নষ্ট হয়ে ৫৬ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। জেলা পর্যায়ের সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে এই হিসাব নেওয়া হয়েছে।
উত্তরের জেলা নীলফামারীতে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ডিমলা ও জলঢাকা উপজেলার ১০ ইউনিয়নে ৫০০ হেক্টর রোপা আমন খেত পচে নষ্ট হয়েছে। এতে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।
বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগদ টাকার অভাব আর আমনের চারার সংকটের কারণে তাঁরা নষ্ট হওয়া জমিতে নতুন করে আমনের চারা রোপণ করতে পারছেন না।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলছিলেন, ‘টাকা ও রোপা আমনের চারার অভাবে রোপণ করতে পারেননি কৃষকেরা। ওই সব জমি এখন পতিত রয়েছে।’
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক এম এ ওয়াজেদ বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা ও ক্ষতির হিসাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারিভাবে অনুদান পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে তা বিতরণ করা হবে।
রংপুরে ৫৯০ হেক্টর রোপা আমন খেত নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক কমল কুমার সরকার। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুস সালাম জানান, দুই দফা বন্যায় রংপুরে তিন কোটি ৩৮ লাখ ছয় হাজার টাকা ক্ষতি হয়েছে। গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলায় বন্যায় ৫৩৩ পরিবারের ঘরবাড়ি ক্ষতি হয়েছে। এতে ক্ষতির পরিমাণ দুই কোটি ৯৩ লাখ টাকা।
রংপুরে ঘরবাড়ি ভেঙে ক্ষতির পরিমাণ বেশি হলেও ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এ পর্যন্ত পৌনে তিন লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের জন্য একটি প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আবদুস সালাম।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর, বগুড়া অফিস, ধুনট (বগুড়া) ও নীলফামারী প্রতিনিধি)