তিন জেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শনিবার বজ্রপাতে এক মাদ্রাসাছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভৈরব (কিশোরগঞ্জ): সিরাজগঞ্জের শাহজাদপুরের আন্ধারমানিক গ্রামের রাসেল মিয়া (৩০) নামের এক ব্যবসায়ী ধান কেনার জন্য ইটনার হাওর এলাকায় আসেন। তিনি ধান ক্রয় শেষে ইটনা সদরে যাচ্ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় রাসেল ইটনার জেটিঘাট এলাকা অতিক্রম করছিলেন। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ: দুপুর আনুমানিক দেড়টার দিকে ত্রিশালের চিকনা মনোহর গ্রামের শাকিরুল ইসলাম (১৪) বাবা বাছির উদ্দিনের সঙ্গে বাড়ির পাশে খড় শুকাচ্ছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে পাশের পাঁচপাড়া গ্রামের তালিমুল কোরআন মাদ্রাসায় পড়ত। থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সকালে কয়েকজন শ্রমিক উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের কৃষক তোতিউর রহমানের জমিতে ধান কাটতে যান। বেলা দুইটার দিকে বজ্রপাতে মুরশেদ মিয়া (২৮) নামের এক শ্রমিক ঘটনাস্থলে মারা যান। আহত হন আল আমিন (২৬), আবুল কালাম (২৭) ও আব্দুস সামাদ (২৫) নামের তিন শ্রমিক। মৃত ও আহত সবার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।
পাকশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজ্জাম্মেল হক বজ্রপাতে ওই শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।