তিন জেলায় বন্যা, মানুষের কষ্টের শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানিতে তলিয়ে গেছে নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক। যানবাহন চলাচল আগেই বন্ধ হয়ে গেছে। স্রোতের তোড়ে এখন পথচারীরাও চলাচল করতে পারছেন না। শান্তিনগর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
বন্যার পানিতে তলিয়ে গেছে নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক। যানবাহন চলাচল আগেই বন্ধ হয়ে গেছে। স্রোতের তোড়ে এখন পথচারীরাও চলাচল করতে পারছেন না। শান্তিনগর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলায় গতকাল মঙ্গলবার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। তবে এ জেলায় এখনো লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে। পাঠদান বন্ধ আছে ২৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের সরিষাবাড়ীতে গত পাঁচ দিনে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সালদা নদীর বাঁধের তিনটি স্থান ভেঙে নতুন করে আটটি গ্রাম প্লাবিত হয়েছে।
নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটছে। জেলার একমাত্র সোমেশ্বরী নদীর পানি কমেছে। সোমেশ্বরীর দুর্গাপুর পয়েন্টে পানি বিপৎসীমার ১২৪ সেন্টিমিটার নিচে আছে। এ ছাড়া তিনটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনটি উপজেলায় এক লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে। এ ছাড়া কলমাকান্দা ও দুর্গাপুরের সঙ্গে জেলা শহরসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবু তাহের বলেন, একমাত্র সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার নিচে আছে। আগে সোমেশ্বরীর দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমার ১৪৫ সেন্টিমিটার ওপরে ছিল। তা কমে এখন বিপৎসীমার ১২৪ সেন্টিমিটার নিচে আছে। এ ছাড়া তিনটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে আছে, তবে আগের চেয়ে পানি কমতে শুরু করেছে। এর মধ্যে কংস নদের জারিয়া পয়েন্টে ১৮৮ সেন্টিমিটার থেকে কমে ১৫৮ সেন্টিমিটার, উব্দাখালি নদীর কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার থেকে ৯০ সেন্টিমিটার ও খালিয়াজুরির ধনু নদীর ২৬ সেন্টিমিটার থেকে কমে ১৪ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর পানি বেড়ে দুর্গাপুর উপজেলার ৫৫টি গ্রামে পানিবন্দী আছে প্রায় ২৫ হাজার মানুষ। বন্ধ হয়ে গেছে ৩৫টি প্রাথমিক বিদ্যালয়সহ ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান। ক্ষতি হয়েছে ৪৫০ হেক্টর আমন ফসল। কলমাকান্দা উপজেলার অন্তত ৭৫টি গ্রামে পানি ঢুকে পানিবন্দী রয়েছে প্রায় ৪৮ হাজার মানুষ। আমন ফসলের ক্ষতি হয়েছে ৬৫০ হেক্টর। বন্ধ আছে ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। পূর্বধলায় ১৫টি গ্রামে পানি ঢুকে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। পানিবন্দী আছে প্রায় ১০ হাজার মানুষ। ১২০ হেক্টর জমির আমন ফসল পানির নিচে আছে। নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসাইন আকন্দ বলেন, ‘জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে আমরা তিন দিন ধরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছি। আমাদের লোকজন সার্বক্ষণিক দুর্যোগপ্রবণ এলাকায় আছেন। দুর্যোগ মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিলাস চন্দ্র পাল বলেন, ‘সারা জেলায় অন্তত ১ হাজার ৪০০ হেক্টর জমির আমন চারার ক্ষতি হয়েছে। দু–এক দিনের মধ্যে পানি না কমলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বছর ১ লাখ ১৫ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।’
জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার জন্য আপাতত ১ লাখ ৬০ হাজার টাকা ও ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। পরিস্থিতি বুঝে তা আরও বাড়ানো হবে।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের সরিষাবাড়ীতে গত পাঁচ দিনে যমুনা, ঝিনাই, সুবর্ণখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যমুনা, সুবর্ণাখালি, ঝিনাই নদীর পানি বাড়ায় পিংনা, আওনা, পোগলদিঘা, সাতপোয়া, কামরাবাদ ও ভাটারা ইউনিয়নের ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ১ হাজার ৩০০ হেক্টর রোপা-আমন ধানের খেত বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষ তাদের গবাদিপশু এবং হাঁস-মুরগি নিয়ে বাঁধ, উঁচু স্থান, কলাগাছের ভেলা ও নৌকায় আশ্রয় নিয়েছে। সাতপোয়া ইউনিয়নের চর রৌহা গ্রামের রবিরন বেওয়া (৮০) বলেন, ‘পাঁচ দিন ধরে পানিতে থাকলেও কেউ আমাগো কোনো সাহায্য দেয় নাই।’
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন বলেন, ‘গত পাঁচ দিনের বন্যায় আমার ইউনিয়নের ১০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারিভাবে এখনো কোনো ত্রাণ দেওয়া হয়নি। এলাকার মানুষ অসহায়ভাবে জীবনযাপন করছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, বন্যার্তদের জন্য ২৩ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই এগুলো বিতরণ করা হবে।
গত সোমবার বিকেলে কসবা উপজেলার সালদা নদীর বাঁধের বায়েক ইউনিয়নের নয়নপুর, কোনাকাটা ও পুটিয়া এলাকা ভেঙে বায়েক, চারুয়া, নয়নপুর, কোনাকাটা, রঘুরামাপুর, কান্দারপাড় ও ধনরাজপুর এবং কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে কয়েক শ পরিবার নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। এর আগে গত কয়েক দিনে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে বায়েক ইউনিয়নে ২২টি গ্রাম বন্যায় প্লাবিত হয়। বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল-মামুন সরকার বলেন, বন্যা দেখা দেওয়ায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কায়েমপুর ইউপির চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ভূঁইয়া বলেন, সালদা নদীর বাঁধ ভাঙায় কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রাম প্লাবিত হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
কসবা উপজেলা কৃষি কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, বন্যায় ৬২০ হেক্টর রোপা আমনের খেত পানিতে তলিয়ে গেছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম বলেন, বায়েক ইউনিয়নে ১০ টন চাল বিতরণ করা হয়েছে। নতুন করে আরও চাল বিতরণ করা হবে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নেত্রকোনা, সরিষাবাড়ী (জামালপুর) ও কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি]