তিন জেলায় বন্যার অবনতি

কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল শনিবারও ওই সব এলাকার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কয়েক শ গ্রামের হাজারো মানুষ পানিবন্দী রয়েছে।
কুড়িগ্রাম: পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি ৩ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি ১ সেন্টিমিটার বেড়েছে। ফলে নতুন করে আটটি উপজেলার ৩২টি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ১৫ হাজার হেক্টর জমির রোপা আমন ও মৌসুমি ফসল পানির নিচে রয়েছে। দ্বিতীয় দফা বন্যার কবলে পড়া এসব ফসলের বেশির ভাগ এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। গত তিন দিনে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের ভাঙনে সদর উপজেলার পাঁচগাছি, যাত্রাপুর, হলোখানা; উলিপুরের বজরা; রাজারহাটের ডাংরারহাট; চিলমারী উপজেলার জোড়গাছ এলাকায় দেড় শতাধিক পরিবার ভিটাছাড়া হয়েছে। উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের একটি বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা রৌমারী ও রাজীবপুর উপজেলায় কালো, ধরনি ও জিঞ্জিরাম নদের পানি কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে সেখানকার পরিস্থিতি। পাহাড়ি ঢলের পানিতে এখনো বন্দী আছে ৩৫ হাজার মানুষ।
গাইবান্ধা: উজান থেকে নেমে আসা ঢলে করতোয়া নদীর পানি অস্বাভাবিক বেড়ে গেছে। গত দুই দিনে গোবিন্দগঞ্জ উপজেলার ১৪টি গ্রাম বন্যাকবলিত হয়েছে। এ ছাড়া পানির চাপে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের অদূরে কাইয়াগঞ্জ এলাকায় ঢাকা-দিনাজপুর মহাসড়ক ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
গাইবান্ধায় পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া প্রথম আলোকে জানান, গত ২৪ ঘণ্টায় করতোয়া নদীর পানি ২ সেন্টিমিটার বেড়েছে। এতে গোবিন্দগঞ্জের বোচাদহ, বালুয়া চরপাড়া এলাকায় নুরুল্যারবিল ভাঙনের মুখে রয়েছে। স্থানীয় জনগণের সহায়তায় বাঁধ রক্ষার চেষ্টা চলছে।
ধুনট (বগুড়া): ধুনট উপজেলায় যমুনা, বাঙ্গালী ও ইছামতী নদীর পানি গতকাল আর বাড়েনি। তবে উপজেলার নিম্নাঞ্চলে পানি বাড়ছে। এর ফলে নতুন নতুন এলাকায় ফসলের ক্ষতি হচ্ছে। উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা এম এ মাসুদ রানা বলেন, দুই হাজার হেক্টর জমির ধান ও ৫০ হেক্টর মাষকলাইসহ পাঁচ হেক্টর জমির সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া এলাঙ্গী, চিকাশি, ভান্ডারবাড়ী, ধুনট সদর, গোপারনগর, গোসাইবাড়ীসহ ৩০টি গ্রামের প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব মানুষ স্থানীয় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও আশ্রয়ণকেন্দ্রে অবস্থান নিয়েছে।
ফরিদপুরে ত্রাণ বিতরণ: সদর উপজেলার সাদীপুর গ্রামে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে গতকাল দুপুরে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা শাখা। প্রতিটি পরিবারকে পাঁচ কেজি করে চাল দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার বেলা রানী সরকার, জেলা সেক্রেটারি ফিরোজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
{প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন কুড়িগ্রাম অফিস, ফরিদপুর অফিস এবং গাইবান্ধা ও ধুনট (বগুড়া) প্রতিনিধি}