তিন জেলায় বন্যার আরও অবনতি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রাম, বগুড়ার সারিয়াকান্দি ও গাইবান্ধার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে তিন শতাধিক চরের ৪৫ হাজার পরিবারের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চরাঞ্চলের আমনসহ অন্যান্য ফসল চার থেকে আট ফুট পানির নিচে তলিয়ে গেছে।বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নতুন করে আরও ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে ১২টি ইউনিয়নের ২০৮টি গ্রামের সোয়া লাখ মানুষ পানিবন্দী হয়েছে।গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার ২৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৫০ হাজার মানুষ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর: কুড়িগ্রাম: পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী এলাকায় ১৬ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফেরিঘাট এলাকায় ধরলা নদীর পানি ছয় সেন্টিমিটার ও নুনুখাওয়ায় দুধকুমারের পানি ১৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজীবপুর উপজেলা শহরের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা পরিষদ ও সংলগ্ন এলাকা এখন হাঁটুপানির নিচে।জেলার নয়টি উপজেলার ৫০টি ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। তিন শতাধিক চরের ৪৫ হাজার পরিবারের প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ২৬ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।গতকাল বৃহস্পতিবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নলকূপগুলো পানিতে তলিয়ে আছে। লোকজন বন্যার পানি হাঁড়ি বা কলসিতে দীর্ঘক্ষণ রেখে পান করছে। অনেকেই উঁচু ভিটা ও বাঁধের রাস্তায় আশ্রয় নিচ্ছে।জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, বন্যার্তদের নিরাপদ স্থানে আনার জন্য সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শ্যালো ইঞ্জিনচালিত নৌকা। গতকাল থেকে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ-সহায়তা দেওয়া শুরু হয়েছে। বগুড়া: সারিয়াকান্দিতে বন্যার পানি ঢুকে পড়ায় আরও ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এ নিয়ে ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। গতকাল পর্যন্ত দুর্গত এলাকায় কোনো ত্রাণ পৌঁছায়নি। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস আলম (শিক্ষা ও উন্নয়ন) গতকাল দুর্গত এলাকা পরিদর্শন শেষে জানান, প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। আজ শুক্রবার এসব পরিবারের মধ্যে ত্রাণ-সাহায্য বিতরণ করা হবে।বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধি আরও দুই দিন অব্যাহত থাকবে।গাইবান্ধা: পাউবো সূত্রে জানা যায়, গতকাল ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফুলছড়ির উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাউবো বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছে। এদিকে সাঘাটা উপজেলার দিঘলকান্দি, হাটবাড়ী, সিপি গাড়ামারা, কামারপাড়া, চর গোবিন্দি গ্রাম এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুর রাজ্জাক জানান, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জের চর ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকার আট হাজার ৫২০ হেক্টর আমন, ১০০ হেক্টর জমির শাক-সবজি ও কলাবাগান তলিয়ে গেছে।