
দিনাজপুর, রংপুর ও গাইবান্ধায় গতকাল বুধবার ইয়াসমীন হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন বেসরকারি সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে।
১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরের কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্যের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় কিশোরী ইয়াসমীন। এরপর থেকে দিনটিকে প্রতিবছর নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন সংগঠন।
ইয়াসমীন ধর্ষণ ও হত্যা মামলায় পুলিশের তিন সদস্যের ফাঁসি ২০০৪ সালে কার্যকর করা হয়। কিন্তু ঘটনার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে সাতজন নিহত ও কমপক্ষে শতাধিক আহতের ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে করা পাঁচটি মামলার বিচার গত ২১ বছরেও শেষ হয়নি।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
দিনাজপুর: দিবসটি উপলক্ষে মহিলা পরিষদ সকালে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে মুন্সিপাড়া এলাকায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ), পল্লীশ্রী, এমবিএসকেসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা সকাল ১০টায় শহরের শেখ জাহাঙ্গীর কবরস্থানে ইয়াসমীনের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন। এ ছাড়া দিনাজপুর-পঞ্চগড়-রংপুর মহাসড়কের দশমাইল মোড়ে ইয়াসমীন স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ইয়াসমীনের মা শরীফা বেগম শহরের গোলাববাগ এলাকায় নিজ বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
বিকেল পাঁচটায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় মানববন্ধন করে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। এ সময় সংগঠনের দিনাজপুর কার্যালয়ের সমন্বয়কারী আইনজীবী সিরাজুম মনিরা নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা ও মানসিকতা পরিবর্তনের ওপর জোর দেন।
রংপুর: জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে গতকাল সকালে শহরের প্রেসক্লাব এলাকায় সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সদস্য গোলাপি বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক আবদুল কুদ্দুস, সদস্যসচিব মমিনুল ইসলাম, মহিলা ফোরামের সদস্য বিউটি বণিক, মৌসুমী আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ইয়াসমীন ধর্ষণ ও হত্যার ২১ বছর পেরিয়ে গেল। দেশব্যাপী প্রতিবাদ-প্রতিরোধের মুখে ফাঁসি দেওয়া হয় ধর্ষক ও হত্যাকারীদের। কিন্তু নারী নির্যাতন থেমে নেই।
গাইবান্ধা: শহরের শহীদ মিনার চত্বরে গতকাল সকালে এক প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি রোকেয়া খাতুন সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাংবাদিক সিদ্দিক আলম, জেলা বাসদের আহ্বায়ক আহসানুল হক হাবীব, নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন প্রমুখ। বক্তারা অবিলম্বে নারী-শিশু নির্যাতন ও হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হয়।