তিন জেলায় মাদকবিরোধী নানা কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটের পাটগ্রামে গতকাল মঙ্গলবার মাদকবিরোধী নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও প্রচারণা ২০১৭ সালের জানুয়ারি মাস উপলক্ষে এ আয়োজন করা হয়।

দিনাজপুরে বেলা ১১টায় ‘সমাজে অবৈধ মাদকের বিস্তার রোধ ও ক্ষতি কমাতে মুসলিম ধর্মীয় নেতা এবং ইমামদের ভূমিকা’ বিষয়ে এক আলোচনা সভা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজন করে। শহরের উত্তর গোবিন্দপুর এলাকায় ইমাম প্রশিক্ষণ একাডেমি ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হামিদুল আলম। তিনি বলেন, মাদক প্রতিরোধে যার যার অবস্থানে থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনের আওতায় হোক বা সামাজিক আন্দোলনের মাধ্যমে হোক, মাদককে অবশ্যই নির্মূল করতে হবে।

ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপপরিচালক সৈয়দ মো. আবু তাহের, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল মান্নাফ কবীর। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. গোলাম রব্বানী।

নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে গতকাল দুপুরে মাদকবিরোধী সভা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর আয়োজিত সভায় নীলফামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

পাটগ্রাম উপজেলার আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা গতকাল মাদকবিরোধী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা কলেজ মাঠ থেকে বের হয়ে প্রায় চার কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠে এসে শেষ হয়। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মাদকবিরোধী আলোচনা সভা হয়। বক্তব্য দেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান প্রমুখ।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন দিনাজপুর অফিস, নীলফামারী ও পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি)