তিন জেলায় মুরগি ও ডিমের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সরকারি হাঁস-মুরগির খামারে দুই মাস ধরে বাচ্চা সরবরাহ বন্ধ রয়েছে। এতে চুয়াডাঙ্গাসহ তিন জেলার বাজারে সংকটের কারণে মুরগি ও ডিমের দাম বেড়েছে কয়েক গুণ। বাচ্চা না থাকায় কর্মকর্তা-কর্মচারীরাও অলস সময় কাটাচ্ছেন। খামার সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালের ১৬ মার্চ চুয়াডাঙ্গা সরকারি হাঁস-মুরগির খামার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ খামার থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার ক্ষুদ্র মুরগির খামারের মালিকদের কাছে মুরগির বাচ্চা সরবরাহ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই খামারে সরকারি হ্যাচারি থেকে মুরগির এক দিন বয়সী বাচ্চা সংগ্রহ করে পালন করা হয়। পরে এসব বাচ্চা ২৯ থেকে ৯০ দিন বয়সে সাধারণ পালনকারীদের কাছে বিক্রি করা হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী এখানে পাকিস্তানি ফাউমি ও সোনালি জাতের প্রতিটি ২৯ থেকে ৪২ দিনের বাচ্চা ৪০ টাকা, ৪৩ থেকে ৭০ দিনের বাচ্চা ৫০ টাকা এবং ৭১ থেকে ৯০ দিনের বাচ্চা ৬৫ টাকা দরে সাধারণ পালনকারীদের কাছে বিক্রি করা হয়।খামারের কর্মকর্তারা জানান, খামারটি চলতি অর্থবছরে (২০১০-১১) ৪০ হাজার মুরগি পালনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ৮ ফেব্রুয়ারির পর থেকে খামারে কোনো বাচ্চা সরবরাহ না করায় লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। ভারপ্রাপ্ত খামার ব্যবস্থাপক আরমান আলী জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক (উৎপাদন) আজিজুর রহমান এখানে শিগগিরই মুরগির বাচ্চা সরবরাহ করা হবে বলে জানিয়েছেন।