তিন জেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২৮
ফেনী, লালমনিরহাট ও সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ২৮ জনকে আটক করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফেনী: যৌথ বাহিনী গতকাল বুধবার রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ১৫ জনকে আটক করেছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক জানান, ফেনী সদর উপজেলা থেকে ১১ জন এবং দাগনভূঞা উপজেলা থেকে চারজনসহ মোট ১৫ জনকে আটক করা হয়েছে।
লালমনিরহাট: জেলার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ও জোংড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গতকাল রাতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী। পাটগ্রাম থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে তিনজনকে ৪ ডিসেম্বর উপজেলার কাফির বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাতক্ষীরা: দায়িত্বপালনকালে যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় আজ জেলার সদর উপজেলার রইচপুর গ্রাম থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।